যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অগ্নিকাণ্ডে স্ত্রী ও দুই সন্তানকে রক্ষা করতে গিয়ে গুরুতর দগ্ধ হওয়া নোয়াখালীর প্রবাসী রফিকুল ইসলাম সোহাগ (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। টানা ২১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র জানায়, শনিবার (১৮ জুলাই) […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অগ্নিকাণ্ডে স্ত্রী ও দুই সন্তানকে রক্ষা করতে গিয়ে গুরুতর দগ্ধ হওয়া নোয়াখালীর প্রবাসী রফিকুল ইসলাম সোহাগ (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। টানা ২১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, শনিবার (১৮ জুলাই) ব্রুকলিনের বাইতুল মামুন মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে নিউ জার্সির একটি মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।
রফিকুল ইসলাম সোহাগের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ২ নম্বর নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নিউইয়র্কে বসবাস করছিলেন।
গত ২৬ জুন শুক্রবার ভোরে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা এলাকায় একটি ব্যক্তিমালিকানাধীন দুই তলা আবাসিক ভবনের বেজমেন্টে আগুন লাগে। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের (FDNY) প্রাথমিক তদন্তে ধারণা করা হয়, একটি লিথিয়াম-আয়নচালিত ডেলিভারি ই-বাইকের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওই ঘটনায় কয়েকজন আহত হন এবং গুরুতর দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় সোহাগের স্ত্রী ও দুই সন্তান ঘুমিয়ে ছিলেন। আগুন ও ঘন ধোঁয়া দ্রুত পুরো বেজমেন্টে ছড়িয়ে পড়লে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রথমে স্ত্রী এবং পরে দুই সন্তানকে নিরাপদ স্থানে বের করে আনেন। তবে তাদের উদ্ধার করতে গিয়ে তিনি নিজেই মারাত্মকভাবে দগ্ধ হন এবং বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হন।
পরে উদ্ধারকারী দল তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে বার্ন ইউনিটে নিবিড় চিকিৎসা চললেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
সোহাগের মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে সাহসী ও আত্মত্যাগী একজন বাবা হিসেবে স্মরণ করছেন। তার মৃত্যুর খবরে নোয়াখালীর নিজ গ্রামেও শোকের পরিবেশ বিরাজ করছে।