যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ৫ বিলিয়ন ডলারের (প্রায় ৫০০ কোটি ডলার) এক বিশাল সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে দেশটির অন্যতম বৃহৎ সমন্বিত ক্যাসিনো ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কুইন্সের অ্যাকুয়াডাক্ট রেস ট্র্যাকসংলগ্ন রিসোর্টস ওয়ার্ল্ড নিউইয়র্ক সিটিকে লাস ভেগাসের আদলে আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ ক্যাসিনো রিসোর্টে রূপান্তর করা হচ্ছে। প্রকল্পের নতুন ধাপ শুরুর সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ সম্প্রসারণের […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ৫ বিলিয়ন ডলারের (প্রায় ৫০০ কোটি ডলার) এক বিশাল সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে দেশটির অন্যতম বৃহৎ সমন্বিত ক্যাসিনো ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কুইন্সের অ্যাকুয়াডাক্ট রেস ট্র্যাকসংলগ্ন রিসোর্টস ওয়ার্ল্ড নিউইয়র্ক সিটিকে লাস ভেগাসের আদলে আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ ক্যাসিনো রিসোর্টে রূপান্তর করা হচ্ছে।
প্রকল্পের নতুন ধাপ শুরুর সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ সম্প্রসারণের নকশা প্রকাশ করেছে। পরিকল্পনা অনুযায়ী, বর্তমান কমপ্লেক্সে ৪০০ কক্ষবিশিষ্ট একটি নতুন হায়াত হোটেল টাওয়ার এবং একটি বিলাসবহুল ক্রকফোর্ডস হোটেল নির্মাণ করা হবে। সব কাজ শেষ হলে রিসোর্টটিতে মোট প্রায় ২ হাজার হোটেল কক্ষ থাকবে।
এ ছাড়া প্রকল্পের আওতায় ৭ হাজার দর্শক ধারণক্ষমতার একটি আধুনিক মাল্টিপারপাস কনসার্ট অ্যারেনা, সৌরবিদ্যুৎচালিত বহুতল পার্কিং গ্যারেজ এবং এনবিএ কিংবদন্তি কেনি “দ্য জেট” স্মিথের নামে একটি স্পোর্টস ও মিডিয়া কমপ্লেক্স নির্মাণ করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই কমপ্লেক্স নির্ধারিত সময়ের প্রায় তিন বছর আগেই সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
সম্প্রসারণের অংশ হিসেবে ইতোমধ্যে সাধারণ দর্শনার্থীদের জন্য নতুন ১ হাজার ৪০০টি স্লট মেশিন চালু করা হয়েছে। বর্তমানে রিসোর্টটিতে প্রায় ৪ হাজার স্লট মেশিন এবং ২৪০টি লাইভ গেমিং টেবিলে ব্ল্যাকজ্যাক, ব্যাকারেট, ক্র্যাপস ও রুলেটসহ বিভিন্ন খেলার সুযোগ রয়েছে।
মালয়েশিয়াভিত্তিক গেন্টিং গ্রুপ পরিচালিত রিসোর্টস ওয়ার্ল্ড নিউইয়র্ক সিটি ২০১১ সালে যাত্রা শুরু করে। চলতি বছর প্রতিষ্ঠানটি নিউইয়র্ক স্টেট গেমিং কমিশনের কাছ থেকে পূর্ণাঙ্গ ক্যাসিনো পরিচালনার লাইসেন্স পেয়েছে, যা ভবিষ্যৎ সম্প্রসারণের পথ আরও সহজ করেছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কুইন্সে কর্মসংস্থানের সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্তমানে রিসোর্টটিতে প্রায় ২ হাজার ২০০ কর্মী কাজ করছেন। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, চলতি গ্রীষ্মের শেষ নাগাদ আরও ৫০০ থেকে ২ হাজার ৭০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
নিউইয়র্ক স্টেট গেমিং কমিশন বর্তমানে তিনটি পূর্ণাঙ্গ ডাউনস্টেট ক্যাসিনো লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়া চালাচ্ছে। এ প্রতিযোগিতায় নিউইয়র্ক মেটসের মালিক স্টিভ কোহেন ও হার্ড রক ফ্লাশিং এলাকায় ‘মেট্রোপলিটন পার্ক’ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে। অন্যদিকে ব্যালিস ব্রঙ্কসের একটি সাবেক গলফ কোর্সে নতুন ক্যাসিনো নির্মাণের উদ্যোগ নিয়েছে।
তবে অবকাঠামো আগে থেকেই প্রস্তুত থাকায় রিসোর্টস ওয়ার্ল্ডকে এই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে থাকা প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ক্যাসিনো সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটি ২ বিলিয়ন ডলারের একটি কমিউনিটি ফান্ড গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া প্রায় ৫০ হাজার নতুন আবাসন ইউনিট নির্মাণে সহায়তার পরিকল্পনাও রয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা, আগামী ১০ বছরে এই প্রকল্প থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্য ও স্থানীয় সরকার মিলিয়ে প্রায় ১০ দশমিক ৮ বিলিয়ন ডলার রাজস্ব আয় করতে পারবে। কর্তৃপক্ষের মতে, এটি শুধু একটি ক্যাসিনো প্রকল্প নয়; বরং পর্যটন, বিনোদন, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে কাজ করবে।