মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে নিজের স্বাক্ষরসংবলিত নতুন ১০০ ডলারের নোটের একটি ছবি প্রকাশ করেছেন। স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই ছবিতে ট্রাম্পের স্বাক্ষর ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষরের ওপরে স্থান পেয়েছে। এর আগে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ঘোষণা দিয়েছিল, স্বাধীনতার ২৫০ বছর পূর্তি […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে নিজের স্বাক্ষরসংবলিত নতুন ১০০ ডলারের নোটের একটি ছবি প্রকাশ করেছেন। স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই ছবিতে ট্রাম্পের স্বাক্ষর ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষরের ওপরে স্থান পেয়েছে।
এর আগে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ঘোষণা দিয়েছিল, স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো একজন দায়িত্বে থাকা মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর কাগজের মুদ্রায় যুক্ত করা হবে। নতুন এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের প্রচলিত রীতিতে পরিবর্তন আনা হয়েছে।
ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সে সময় বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সাড়ে দুইশ বছর পূর্তি স্মরণীয় করে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেজারি বিভাগের ভাষ্য অনুযায়ী, নতুন ১০০ ডলারের নোটে ট্রাম্পের স্বাক্ষরের পাশাপাশি ট্রেজারি সেক্রেটারির স্বাক্ষরও থাকবে।
ঐতিহাসিকভাবে মার্কিন কাগজের মুদ্রায় ট্রেজারি সেক্রেটারি এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারারের স্বাক্ষর ব্যবহৃত হয়ে এসেছে। দায়িত্বে থাকা কোনো প্রেসিডেন্টের স্বাক্ষর যুক্ত হওয়া এই প্রথম।
মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচ মার্চে দেওয়া এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে।
এদিকে ট্রাম্প প্রশাসন এর আগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্মারক প্রকল্পেও প্রেসিডেন্টের নাম বা স্বাক্ষর ব্যবহারের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত একটি স্মারক ২৫০ ডলারের নোট চালুর প্রস্তাবও কংগ্রেসে উত্থাপিত হয়েছে। তবে বর্তমান মার্কিন আইনে জীবিত ব্যক্তির প্রতিকৃতি প্রচলিত কাগজের মুদ্রায় ব্যবহারের অনুমতি নেই। এ কারণে বিষয়টি বাস্তবায়নের জন্য আইনি পরিবর্তনের প্রয়োজন হবে।
ট্রাম্প প্রকাশিত ১০০ ডলারের নোটের ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ট্রেজারি বিভাগ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি, নতুন স্বাক্ষরযুক্ত ১০০ ডলারের নোট সম্পূর্ণভাবে বাজারে প্রচলন শুরু হয়েছে কি না।