আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। গতকাল রোববার (৮ জুন) অনুষ্ঠিত নির্বাচনে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক Tamim Iqbal। তার সঙ্গে আরও ২২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের বাকি দুই পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত। তবে নির্বাচন শেষ হওয়ার মাত্র একদিনের […]
ছবি: সংগৃহীত
আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। গতকাল রোববার (৮ জুন) অনুষ্ঠিত নির্বাচনে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক Tamim Iqbal। তার সঙ্গে আরও ২২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের বাকি দুই পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত।
তবে নির্বাচন শেষ হওয়ার মাত্র একদিনের মাথায় পদত্যাগ করেছেন নবনির্বাচিত এক পরিচালক। আজ সোমবার (৯ জুন) ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন মীর শাকরুল আলম সীমান্ত।
রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু দায়িত্ব গ্রহণের আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
বিসিবি সভাপতি বরাবর জমা দেওয়া পদত্যাগপত্রে সীমান্ত উল্লেখ করেন, তার বাবা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম হওয়ায় পারিবারিক ব্যবসা ও বিভিন্ন দায়িত্ব বর্তমানে তার ওপর ন্যস্ত রয়েছে। ফলে বিসিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।
তিনি আরও জানান, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির কাছে অনুরোধ জানিয়েছেন।
নির্বাচনের পরপরই একজন পরিচালকের এমন পদত্যাগ বিসিবির নতুন পরিচালনা পর্ষদে শূন্যপদ তৈরি করেছে। এখন ওই পদে কীভাবে নতুন পরিচালক মনোনয়ন বা নির্বাচন করা হবে, সে বিষয়ে বিসিবির সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।