বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সংসদ ও নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলেও বিরোধী দল তা মেনে নিয়েছিল। তবে সাম্প্রতিক কিছু বক্তব্য ও ঘটনার পর তাদের সন্দেহ আরও জোরালো হয়েছে যে নির্বাচনের ভবিষ্যৎ পর্দার আড়ালে আগেই ঠিক করা হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় সংসদ অধিবেশনের কার্যদিবসের শেষ পর্যায়ে ওয়াকআউটের পর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি […]
ছবি: সংগৃহীত
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সংসদ ও নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলেও বিরোধী দল তা মেনে নিয়েছিল। তবে সাম্প্রতিক কিছু বক্তব্য ও ঘটনার পর তাদের সন্দেহ আরও জোরালো হয়েছে যে নির্বাচনের ভবিষ্যৎ পর্দার আড়ালে আগেই ঠিক করা হয়েছিল।
শুক্রবার সন্ধ্যায় সংসদ অধিবেশনের কার্যদিবসের শেষ পর্যায়ে ওয়াকআউটের পর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখন অন্তত দুজন “রাজসাক্ষী” পাওয়া গেছে। তার দাবি, সাবেক এক উপদেষ্টা এবং বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য থেকেই এ ধারণা আরও স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, প্রতিমন্ত্রী স্বীকার করেছেন যে আন্দোলনে ছাত্রদের পাশাপাশি তারাও ছিলেন। একই সঙ্গে ড. ইউনূস লন্ডনে গিয়ে “ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দিয়েছেন” বলেও উল্লেখ করেন তিনি। বিরোধীদলীয় নেতার ভাষায়, যদি ট্রফি আগেই তুলে দেওয়া হয়ে থাকে, তাহলে নির্বাচনের অর্থ কী? এতে স্পষ্ট হয় যে নির্বাচনের ভাগ্য যোগাযোগের মাধ্যমে আড়ালে নির্ধারণ করে জাতিকে ব্ল্যাকমেইল করা হয়েছে।
ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ১২ মার্চ সংসদ শুরু হওয়ার পর অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ বিধি অনুযায়ী সংসদে উত্থাপন করা হয়। নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে এসবের নিষ্পত্তি হওয়ার কথা। এ জন্য সরকারি ও বিরোধী দলের সদস্যদের নিয়ে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছিল।
তার অভিযোগ, আলোচনা চলাকালে হঠাৎ দেখা যায় সরকারি দলের সদস্যরা এককভাবে একটি রিপোর্ট চূড়ান্ত করেছেন, যার বিষয়ে বিরোধী সদস্যদের কিছুই জানানো হয়নি। এখান থেকেই আস্থার সংকট শুরু হয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে অধ্যাদেশগুলোর কিছু অংশ ভাগ করে উপস্থাপন করা হয়, যা নিয়ে বিরোধী দল আপত্তি তোলে। তাদের দাবি ছিল, সব ১৩৩টি অধ্যাদেশ সংসদে আলোচনা করতে হবে, কারণ এগুলো সংসদের সম্পত্তি। স্পিকারও শুরুতে এ বিষয়ে একমত হয়েছিলেন এবং প্রয়োজনে ছুটির দিনেও সংসদ বসিয়ে সবকিছু নিষ্পত্তির আশ্বাস দিয়েছিলেন।
কিন্তু শুক্রবার দেখা গেছে, জাতীয় নিরাপত্তা ও নাগরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ উত্থাপনই করা হয়নি এবং সেগুলো ল্যাপসের খাতায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জুলাই জাদুঘর-সংক্রান্ত বিল নিয়েও একই ধরনের অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তার দাবি, সরকারি ও বিরোধী দল আগে একমত থাকলেও শেষ মুহূর্তে সরকারি দলের এক সদস্য তিনটি সংশোধনী আনেন, যার বিষয়ে বিরোধী দলকে আগে জানানো হয়নি।
তিনি বলেন, পুরো অধিবেশনজুড়ে তারা সহযোগিতামূলক অবস্থান বজায় রেখেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সংশোধনী এনে বিষয়টিকে দলীয় রূপ দেওয়া হয়েছে। এমনকি সরকারি দলের নিয়ন্ত্রণ না থাকলে মন্ত্রণালয় তদারকি কীভাবে হবে—এমন বক্তব্যও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, তারা সংসদে কোনো সুবিধা নিতে আসেননি; জনগণের অধিকার রক্ষার জন্য এসেছেন। কিন্তু তাদের আপত্তি যথাযথভাবে শোনা হয়নি। নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় নথি দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি।
তিনি প্রশ্ন তুলে বলেন, সংসদের মন্ত্রী যদি কোনো সংশোধনী সম্পর্কে না জানেন, তাহলে সিদ্ধান্তগুলো কোথা থেকে আসে? এভাবে একটি গণতান্ত্রিক সংসদ পরিচালিত হতে পারে না।
বিরোধীদলীয় নেতা আরও জানতে চান, দুদক, পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন, গণভোট এবং পিএসসিসংক্রান্ত বিল সংসদে আনা হবে কি না। তার মতে, এসব বিলের সঙ্গে দেশের নাগরিকদের নিরাপত্তা ও গণতন্ত্রের ভবিষ্যৎ জড়িত।
তিনি অভিযোগ করেন, যেসব বিলের মাধ্যমে ফ্যাসিবাদী প্রবণতা টিকে থাকতে পারে সেগুলো আনা হচ্ছে, কিন্তু জনগণের অধিকার ও জবাবদিহি নিশ্চিত করার বিলগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে।
সবশেষে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে বিরোধী দল কোনো ধরনের ছাড় দেবে না। তাদের লড়াই জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই, এবং এ দাবিতে তারা সব ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত।
প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সিনিয়র সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।