সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১২:২৩ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬

‘নেতানিয়াহুকে বিশ্বাস করতাম না’, স্মৃতিকথায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমালোচনায় বাইডেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর নিজের খুব একটা আস্থা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’-তে নেতানিয়াহুর রাজনৈতিক আচরণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর সম্পর্ক এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। একই বইয়ে ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষেও যুক্তি দিয়েছেন বাইডেন। ওয়াল […]

‘নেতানিয়াহুকে বিশ্বাস করতাম না’, স্মৃতিকথায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমালোচনায় বাইডেন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর নিজের খুব একটা আস্থা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’-তে নেতানিয়াহুর রাজনৈতিক আচরণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর সম্পর্ক এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। একই বইয়ে ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষেও যুক্তি দিয়েছেন বাইডেন।

ওয়াল স্ট্রিট জার্নাল-এর বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, নিজের প্রেসিডেন্সির নানা ঘটনা ও বিশ্বনেতাদের সঙ্গে সম্পর্কের অভিজ্ঞতা স্মৃতিকথাটিতে তুলে ধরেছেন বাইডেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ‘বিবি’ নামে উল্লেখ করে বাইডেন লিখেছেন, নেতানিয়াহু ইসরায়েলের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিতেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নেতানিয়াহু নিজের সুবিধামতো তথ্যের ব্যাখ্যা দিতে পারতেন এবং ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে প্রভাবিত করতেও দ্বিধা করতেন না।

২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর ইসরায়েলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অবশ্য অনুতপ্ত নন বাইডেন। তবে ইসরায়েলি সামরিক অভিযানে বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির প্রাণহানিতে তিনি গভীরভাবে ব্যথিত হয়েছেন বলে স্মৃতিকথায় উল্লেখ করেছেন।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে যা বললেন বাইডেন

২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন বাইডেন। তাঁর মতে, আবারও একই পরিস্থিতিতে পড়লে তিনি একই সিদ্ধান্ত নিতেন।

তবে ওই সময় তাঁর প্রশাসনের শীর্ষ সামরিক কর্মকর্তারা সেনা প্রত্যাহারের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এ বিষয়ে সতর্ক করেছিলেন।

বাইডেনকে আশ্বস্ত করা হয়েছিল, মার্কিন সেনারা চলে যাওয়ার পর আফগান সরকার অন্তত ছয় মাস টিকে থাকতে পারবে। কিন্তু বাস্তবে কয়েক দিনের মধ্যেই সরকারের পতন ঘটে।

পুতিন ও জেলেনস্কি সম্পর্কে মন্তব্য

স্মৃতিকথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও তুলে ধরেছেন বাইডেন। পুতিনকে তিনি খিটখিটে স্বভাবের বলে বর্ণনা করেছেন।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিনয়ের অভিজ্ঞতা যুদ্ধকালীন নেতৃত্বের ক্ষেত্রে সহায়ক হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

বইটিতে এসব মন্তব্যের মধ্য দিয়ে বাইডেন তাঁর প্রেসিডেন্সির গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিদ্ধান্ত, বিশ্বনেতাদের সঙ্গে সম্পর্ক এবং সেসব সিদ্ধান্তের পেছনের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি ও ওয়াল স্ট্রিট জার্নাল

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ