যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপকূলে সপ্তাহান্তে আছড়ে পড়েছে ৫০ ফুটের বেশি উচ্চতার বিশাল ঢেউ। এতে বিভিন্ন এলাকায় সমুদ্রের পানি সৈকত ও সড়কে উঠে আসে, ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় অবকাঠামো। পরিস্থিতি মোকাবিলায় একাধিক সমুদ্রসৈকত ও পিয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। ঢেউয়ের তীব্রতা কিছুটা কমলেও সোমবারও বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে। জাতীয় আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার ভোর পর্যন্ত উচ্চ ঢেউয়ের সতর্কতা […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপকূলে সপ্তাহান্তে আছড়ে পড়েছে ৫০ ফুটের বেশি উচ্চতার বিশাল ঢেউ। এতে বিভিন্ন এলাকায় সমুদ্রের পানি সৈকত ও সড়কে উঠে আসে, ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় অবকাঠামো। পরিস্থিতি মোকাবিলায় একাধিক সমুদ্রসৈকত ও পিয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। ঢেউয়ের তীব্রতা কিছুটা কমলেও সোমবারও বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে। জাতীয় আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার ভোর পর্যন্ত উচ্চ ঢেউয়ের সতর্কতা বহাল রেখেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের (এনডব্লিউএস) পূর্বাভাস অনুযায়ী, সোমবার ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় ২০ থেকে ২৫ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। জনপ্রিয় সার্ফিং এলাকা ম্যাভেরিকস বিচসহ কয়েকটি স্থানে ঢেউয়ের উচ্চতা ৩৫ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে সান ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকো পেনিনসুলা, মন্টেরি উপসাগর ও বিগ সুর উপকূলে মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত উচ্চ ঢেউয়ের সতর্কতা জারি রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবারের তুলনায় ঢেউয়ের শক্তি কিছুটা কমেছে। তবে সমুদ্রের দীর্ঘস্থায়ী ঢেউ এবং প্রবল স্রোতের কারণে এখনো প্রাণহানির ঝুঁকি রয়েছে। বিশেষ করে সৈকত, পাথুরে এলাকা, জেটি ও সমুদ্রের কাছাকাছি স্থানে অবস্থানকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সান মাতেওতে ৫০ ফুট ছাড়িয়েছে ঢেউ
শনিবার সান ফ্রান্সিসকোর দক্ষিণে সান মাতেও কাউন্টির উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়। জনপ্রিয় সার্ফিং স্পট ম্যাভেরিকস এলাকায় কোনো কোনো ঢেউয়ের উচ্চতা ৫০ থেকে ৬০ ফুট পর্যন্ত পৌঁছেছিল বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়াবিদরা।
প্রবল ঢেউয়ের কারণে প্যাসিফিকার কিছু এলাকায় পানি উপকূলীয় সড়ক ও নিম্নাঞ্চলে ঢুকে পড়ে। সান্তা ক্রুজ কাউন্টির ক্যাপিটোলা পিয়ারও ক্ষতিগ্রস্ত হয়। উপকূলের বিভিন্ন স্থানে পানি স্বাভাবিকের চেয়ে অনেক দূর পর্যন্ত উঠে আসায় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
দক্ষিণ ক্যালিফোর্নিয়াতেও বন্ধ পিয়ার ও সৈকত
উত্তর ক্যালিফোর্নিয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলেও ঢেউয়ের প্রভাব পড়ে। ভেন্টুরা, ম্যানহাটন বিচ, হান্টিংটন বিচ এবং সান দিয়েগোর প্যাসিফিক বিচ এলাকার পিয়ার বন্ধ রাখা হয়। কিছু এলাকায় সৈকতসংলগ্ন সড়ক ও অবকাঠামোতে পানি উঠে আসে। সিল বিচের উপকূলীয় পথের কিছু অংশ পানিতে তলিয়ে যায়। লা জোলার একটি সৈকতে ঢেউয়ের পানি সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে আসে।
সান্তা ক্রুজ কাউন্টির কর্তৃপক্ষ ক্যাপিটোলা এলাকার উপকূলসংলগ্ন বাসিন্দাদের জন্য সরে যাওয়ার সতর্কতা জারি করেছিল। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন উপকূলীয় এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
মঙ্গলবারের পরও বাড়তে পারে ঝুঁকি
জাতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবারের দিকে ঢেউয়ের উচ্চতা কিছুটা কমতে পারে। তবে বুধবার থেকে নতুন একটি শক্তিশালী নিম্নচাপ উপকূলীয় এলাকায় প্রভাব ফেলতে পারে। এতে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বজ্রঝড় এবং আবারও বড় ঢেউ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি থেকে শেষ ভাগ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে।
কর্তৃপক্ষের পরামর্শ, সতর্কতা বহাল থাকা অবস্থায় কেউ যেন সমুদ্রে নামেন না। পাথুরে উপকূল, পিয়ার ও সমুদ্রের কাছাকাছি দেয়াল থেকেও দূরে থাকতে বলা হয়েছে। ঢেউ দেখতে গেলেও নিরাপদ দূরত্ব বজায় রাখতে এবং কখনোই সমুদ্রের দিকে পিঠ না ফেরাতে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর (এনডব্লিউএস), লস অ্যাঞ্জেলেস টাইমস ও সিবিএস সান ফ্রান্সিসকো।