লিবিয়া থেকে ইউরোপের দেশ গ্রিস-এ যাওয়ার পথে ভূমধ্যসাগরে অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। একই নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ২৬ জনকে, যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি। প্রাথমিকভাবে ঘটনাটি নৌকাডুবি হিসেবে ধারণা করা হলেও পরে জানা যায়, মৃত্যুর প্রকৃত কারণ ছিল ভিন্ন। নিখোঁজদের পরিবারের সদস্যদের দাবি, নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এটি মাঝ সমুদ্রে […]
ছবি: সংগৃহীত
লিবিয়া থেকে ইউরোপের দেশ গ্রিস-এ যাওয়ার পথে ভূমধ্যসাগরে অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। একই নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ২৬ জনকে, যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি।
প্রাথমিকভাবে ঘটনাটি নৌকাডুবি হিসেবে ধারণা করা হলেও পরে জানা যায়, মৃত্যুর প্রকৃত কারণ ছিল ভিন্ন। নিখোঁজদের পরিবারের সদস্যদের দাবি, নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এটি মাঝ সমুদ্রে অচল হয়ে পড়ে এবং প্রায় এক সপ্তাহ ভাসমান অবস্থায় থাকার ফলে অনাহার ও তীব্র পানির অভাবে একে একে অনেকেই মারা যান।
শনিবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামের নিখোঁজ আমিনুর রহমানের ভাই মিজানুর রহমান।
কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, তার ভাই যে নৌকায় ছিলেন, সেটির পাশাপাশি আরও একটি নৌকা একই পথে যাত্রা করেছিল। অন্য নৌকার একজন যাত্রী তাদেরকে জানান, তাদের নৌকাটি নিরাপদে গ্রিসে পৌঁছেছে। কিন্তু আমিনুর রহমানের নৌকাটি মাঝ সমুদ্রে বিকল হয়ে পড়ে, ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় সেটি আর চলতে পারেনি। সেখান থেকেই তারা তার ভাইয়ের মৃত্যুর খবর জানতে পারেন।
তিনি আরও বলেন, বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, ওই নৌকাটি টানা ছয় দিন সমুদ্রে ভাসমান ছিল। এ সময় অধিকাংশ যাত্রী খাবার ও পানির অভাবে মারা যান। তবে যাদের কাছে কিছু খাবার ছিল এবং যারা কোনোভাবে সমুদ্রের পানি পান করতে পেরেছিলেন, তারা বেঁচে থাকতে সক্ষম হন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহত বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলার অন্তত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
নিহতদের মধ্যে রয়েছেন—দিরাই উপজেলার তারাপাশা গ্রামের আবু সরদারের ছেলে নুরুজ্জামান ময়না (৩৮), আব্দুল গনির ছেলে সাজিদুর রহমান (৩২), মৃত কারী ইসলাম উদ্দিনের ছেলে শাহান এহিয়া (২৫) এবং রনারচর গ্রামের আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান (৪৫)। এছাড়া দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ফাহিম আহমেদ মুন্না (২০)-এর মৃত্যুর খবরও পাওয়া গেছে। পাশাপাশি জগন্নাথপুর উপজেলার আরও পাঁচজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
শুক্রবার ভোরে ক্রিট দ্বীপের কাছে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ এক নারী ও এক শিশুসহ ২৬ জনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, নিহতদের অনেকের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল।
উদ্ধারপ্রাপ্তদের মধ্যে ২১ জন বাংলাদেশি ছাড়াও চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে দু’জনকে গুরুতর অসুস্থ অবস্থায় ক্রিটের হেরাক্লিয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।