বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইনটি ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ নামে জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। এ বিষয়ে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইনটি ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ নামে জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়।
এ বিষয়ে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
পোস্টে তিনি বলেন, যে দেশে একসময় টেলিযোগাযোগ আইনের নিবর্তনমূলক ধারার অপব্যবহার করে বেআইনি নজরদারি চালানো হয়েছে, ইন্টারনেট বন্ধ করে নাগরিকদের কণ্ঠরোধ করা হয়েছে এবং যার পরিণতিতে অসংখ্য গুম ও প্রাণহানির অভিযোগ উঠেছে—সেই দেশে টেলিযোগাযোগ আইনের এমন মানবিক, দায়িত্বশীল ও ন্যায়ভিত্তিক সংশোধন নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা।
ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেসবুক পোস্টে এই সংশোধনী আইনকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন যুগের সূচনা হিসেবে আখ্যায়িত করেন। তিনি লেখেন, এই সংশোধন শুধু একটি আইনি পরিবর্তন নয়, বরং রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ককে নতুন ভিত্তির ওপর দাঁড় করানোর এক সাহসী ও মৌলিক পদক্ষেপ।
তিনি জানান, সংশোধিত আইনের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা আরও সুরক্ষিত করা হয়েছে। পূর্ববর্তী আইনে হেইট স্পিচকে সরাসরি অপরাধ হিসেবে গণ্য করা হলেও নতুন আইনে কেবল সহিংসতা উসকে দেওয়ার সরাসরি সম্পর্ক থাকলেই তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এর ফলে নাগরিকদের বাক্স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার আরও সুদৃঢ় হবে।
নতুন আইনে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ক্ষমতা প্রায় শতভাগ পুনর্বহাল করা হয়েছে। মন্ত্রণালয়ের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে অধিকাংশ কার্যকরী ক্ষমতা পুনরায় বিটিআরসির হাতে ন্যস্ত করা হয়েছে। লাইসেন্স প্রদান, ট্যারিফ নির্ধারণ, মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রমে নিয়ন্ত্রকের স্বাধীনতা বাড়ানো হয়েছে।
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে টেলিযোগাযোগ খাতে আরোপিত জরিমানার হার এক-তৃতীয়াংশে নামিয়ে আনা হয়েছে। এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে এবং খাতটিতে নতুন বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
আইনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কোয়াসি-জুডিশিয়াল স্বচ্ছতা ও জবাবদিহি কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছে। এই কমিটি মন্ত্রণালয় ও বিটিআরসির গৃহীত সিদ্ধান্তসমূহ পরবর্তী সময়ে পর্যালোচনা করবে। পাশাপাশি সংসদীয় কমিটির কাছে নিয়মিত প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা আরোপ করে সংসদীয় জবাবদিহিও নিশ্চিত করা হয়েছে।
সংশোধিত আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিক হলো—বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করার ক্ষমতা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এর ফলে নাগরিকদের ডিজিটাল অধিকার, অবাধ তথ্যপ্রবাহ এবং ডিজিটাল অর্থনীতির ধারাবাহিকতা আইনি সুরক্ষা পেল।
এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে আইনসম্মত নজরদারি ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। নজরদারিকে জরুরি ও অ-জরুরি—এই দুই ভাগে বিভক্ত করে প্রি-অ্যাপ্রুভাল, পোস্ট-ফ্যাক্টো রিভিউ, সময়সীমা, ইভেন্ট লগিং ও অ্যাক্সেস কন্ট্রোলসহ সুস্পষ্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত বিধিমালা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।
ফয়েজ আহমদ তৈয়্যব আশা প্রকাশ করেন, এই মৌলিক সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম শ্রেষ্ঠ অর্জন হিসেবে ইতিহাসে স্থান করে নেবে। তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এ ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য অভিনন্দন জানান।