ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর এবার তৃতীয় পরিচালক হিসেবে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এ নিজের পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সবশেষ এই পদত্যাগের পর বিসিবির পরিচালনা পর্ষদে সদস্যসংখ্যা ২৫ থেকে কমে ২২-এ নেমে এসেছে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে নির্বাচনের পর […]
ছবি: সংগৃহীত
ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর এবার তৃতীয় পরিচালক হিসেবে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এ নিজের পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সবশেষ এই পদত্যাগের পর বিসিবির পরিচালনা পর্ষদে সদস্যসংখ্যা ২৫ থেকে কমে ২২-এ নেমে এসেছে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে নির্বাচনের পর পরিচালক হওয়া ইয়াসির ফয়সাল আশিক বোর্ডের লজিস্টিক ও প্রোটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন।
হঠাৎ এই সিদ্ধান্তের কারণ জানতে চাইলে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, এটি পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে টানা তিন পরিচালকের সরে দাঁড়ানোয় বিসিবির ভেতরের অস্থিরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বোর্ডসংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত এবং প্রশাসনিক টানাপোড়েনের কারণে পরিচালকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-এর কিছু সিদ্ধান্ত ঘিরে বোর্ডে মতপার্থক্য বাড়ছে বলেও আলোচনা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরিচালক মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে আরও কয়েকজন পরিচালক পদত্যাগ করতে পারেন। যদিও সম্ভাব্য সেই তালিকা নিয়ে তারা প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি।
বোর্ডের ভেতরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সীমিত পরিসরে আলোচনা এবং অনেক পরিচালককে অন্ধকারে রাখার অভিযোগও উঠেছে। সংশ্লিষ্টদের মতে, এই দূরত্ব ও আস্থার সংকটই ধারাবাহিক পদত্যাগের বড় কারণ হয়ে উঠছে।
এমন পরিস্থিতিতে ৪ এপ্রিল নির্ধারিত বোর্ড সভা বিসিবির ভবিষ্যৎ দিকনির্দেশনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।