সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:১৬ পিএম, ৭ মে ২০২৬

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতনের অভিযোগ উঠছে, যার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তাই দেশের সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সহস্রাধিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তির এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য […]

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতনের অভিযোগ উঠছে, যার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তাই দেশের সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সহস্রাধিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তির এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখাতে চাই, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র বাংলাদেশ।”

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও নির্বাচনের আগে কয়েক লাখ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। তার দাবি, ভোটাধিকার থেকে বঞ্চিতদের বড় অংশই ছিল মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের মানুষ।

নতুন যোগ দেওয়া নেতাকর্মীদের উদ্দেশে নাহিদ বলেন, “এনসিপির যে রাজনৈতিক বসন্ত শুরু হয়েছে, আপনারা সেই বসন্তের ফুল হয়ে এসেছেন। আমরা বিশ্বাস করি, এই পরিবর্তনের বার্তা দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়বে।”

স্বাস্থ্য খাতের প্রসঙ্গ টেনে হাম প্রতিরোধে সরকারকে আরও সতর্ক হওয়ার আহ্বানও জানান তিনি। নাহিদ বলেন, যারা এ পরিস্থিতির জন্য দায়ী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। আগের সরকারের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।

দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়েও বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, সংস্কার ও বিচার নিশ্চিত করতে সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই আন্দোলন জোরদার করতে হবে। একই সঙ্গে নারীদের জন্য নিরাপদ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

চট্টগ্রামের রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থান—সব ক্ষেত্রেই চট্টগ্রামের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি হাবিলদার রজব আলী, প্রীতিলতা ও মাস্টারদা সূর্য সেনের সংগ্রামী ইতিহাস স্মরণ করেন।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতারাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ