মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদ ছেড়েছেন কেটি জ্যাকারিয়া। শুক্রবার তাঁর দায়িত্ব ছাড়ার খবর প্রকাশ করে রয়টার্স। ফক্স নিউজের তথ্য অনুযায়ী, তিনি প্রেস সেক্রেটারির পদ থেকে সরে গিয়ে হোয়াইট হাউসের অন্য একটি দায়িত্বে যোগ দিচ্ছেন। দ্য নিউইয়র্ক টাইমসও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ট্রাম্পের পরামর্শে […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদ ছেড়েছেন কেটি জ্যাকারিয়া। শুক্রবার তাঁর দায়িত্ব ছাড়ার খবর প্রকাশ করে রয়টার্স। ফক্স নিউজের তথ্য অনুযায়ী, তিনি প্রেস সেক্রেটারির পদ থেকে সরে গিয়ে হোয়াইট হাউসের অন্য একটি দায়িত্বে যোগ দিচ্ছেন। দ্য নিউইয়র্ক টাইমসও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, কেটি জ্যাকারিয়াকে নিজেই দায়িত্বটি নিয়ে পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছিলেন।
ট্রাম্প বলেন, তিনি জ্যাকারিয়াকে জানিয়েছিলেন, তাঁর সুখী থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এই কাজের প্রচণ্ড চাপের মধ্যে তিনি কতটা সুখী থাকতে পারবেন, তা নিয়ে তাঁর সন্দেহ ছিল। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কাজটি মোটেও সহজ নয়—এ কথা জানিয়ে তিনি জ্যাকারিয়াকে বিষয়টি ভেবে দেখতে বলেছিলেন।
গত সোমবার হোয়াইট হাউসে যোগ দেন কেটি জ্যাকারিয়া। পরদিন মঙ্গলবারই তিনি প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন। ক্যারোলিন লিভিটের স্থলাভিষিক্ত হওয়া জ্যাকারিয়া জানিয়েছিলেন, প্রথমে তাঁকে ফোন করে এ পদে দায়িত্ব নেওয়ার বিষয়ে জানানো হয়, পরে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়।
তবে দায়িত্ব নেওয়ার পরপরই তাঁর আইনজীবী হিসেবে যোগ্যতা নিয়ে বিতর্ক শুরু হয়। ট্রাম্প তাঁর নাম ঘোষণার সময় তাঁকে ‘অ্যাটর্নি’ বা আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। জ্যাকারিয়াও এর আগে আইনচর্চা করার কথা বলেছিলেন।
২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন জ্যাকারিয়া। তবে তিনি ক্যালিফোর্নিয়ার বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।
পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাকারিয়া স্বীকার করেন, তিনি বার পরীক্ষায় পাস করতে পারেননি। এরপর দ্বিতীয়বার পরীক্ষায়ও অংশ নেননি তিনি।
রয়টার্সের অনুসন্ধানেও যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য কিংবা ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় তাঁর আইনজীবী হিসেবে নিবন্ধিত থাকার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী হিসেবে তাঁর যোগ্যতা নিয়ে বিতর্কের মধ্যেই প্রেস সেক্রেটারি হিসেবে মাত্র পাঁচ দিনের দায়িত্ব শেষে সরে দাঁড়ালেন জ্যাকারিয়া। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি হোয়াইট হাউসের অন্য একটি পদে স্থানান্তরিত হচ্ছেন।
ট্রাম্পের প্রথম মেয়াদে অ্যান্থনি স্কারামুচি মাত্র ১০ দিন হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জ্যাকারিয়ার পাঁচ দিনের মেয়াদ সেই সময়ের চেয়েও সংক্ষিপ্ত।
সূত্র: রয়টার্স, ফক্স নিউজ ও দ্য নিউইয়র্ক টাইমস