স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর নিজেদের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ করেছে চ্যানেল ওয়ান। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টাও চলছে। শনিবার (১৮ জুলাই) চ্যানেল ওয়ানের এডিটর ইন-চিফ নাজমুল আশরাফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জুলাই সন্ধ্যা ৭টার […]
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর নিজেদের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ করেছে চ্যানেল ওয়ান। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টাও চলছে।
শনিবার (১৮ জুলাই) চ্যানেল ওয়ানের এডিটর ইন-চিফ নাজমুল আশরাফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জুলাই সন্ধ্যা ৭টার ‘ওয়ান বুলেটিন’-এ ‘নীতি-নৈতিকতা ভেঙে সরকারের সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ব্যবসা: তিনটি মন্ত্রণালয়ে ঠিকাদারি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়।
চ্যানেল ওয়ানের দাবি, প্রতিবেদনটি তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের কিছুক্ষণ পর থেকেই ‘Channel One News’ ফেসবুক পেজে ধারাবাহিক সাইবার আক্রমণ শুরু হয়। তাদের অভিযোগ, ‘আনন্দবার্তা’ ও ‘আলি খান’ নামের দুটি পেজ থেকে ভুয়া কপিরাইট দাবি করে প্রতিবেদনটি ব্লক করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদের ফটোকার্ডও সরিয়ে ফেলা হয়।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, রাতভর বট অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের বিভিন্ন কনটেন্টে গণহারে রিপোর্ট করা হয়। বিশেষ করে মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত নতুন পোস্টগুলোকে লক্ষ্য করেই এসব রিপোর্ট করা হয়েছে বলে দাবি করা হয়।
চ্যানেল ওয়ান আরও জানায়, ভুয়া কপিরাইট অভিযোগের ভিত্তিতে তাদের কয়েকটি সংবাদ, ফটোকার্ড এবং ফেসবুক পেজের প্রোফাইল ও কভার ছবিতেও স্ট্রাইক দেওয়া হয়েছে। এর মাধ্যমে পেজটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে বলে তাদের অভিযোগ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৮ জুলাই বিকেলে সাইবার হামলার বিষয়ে প্রকাশিত চ্যানেল ওয়ানের নিজস্ব সংবাদটিও ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে।
চ্যানেল ওয়ান কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট অনুসন্ধানী প্রতিবেদনটি সাংবাদিকতার সব নীতিমালা অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনের বিষয়ে কারও আপত্তি থাকলে আইনগত বা প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর সুযোগ রয়েছে। কিন্তু সেই পথ অনুসরণ না করে সাইবার হামলার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি বা সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।