সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৫০ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রথম অধিবেশনেই উত্তাপ ছড়ানোর আশঙ্কা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ সকাল ১১টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানপ্রদত্ত ক্ষমতাবলে সোমবার এ অধিবেশন আহ্বান করেন। দীর্ঘ সময় পর একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ দেখতে যাচ্ছে দেশ—এমন প্রত্যাশা করছেন রাজনীতি ও সংসদবিষয়ক বিশ্লেষকরা। তবে সরকারি ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি নানা ইস্যুতে তীব্র বিতর্কের সম্ভাবনায় শুরু থেকেই উত্তপ্ত হয়ে […]

প্রথম অধিবেশনেই উত্তাপ ছড়ানোর আশঙ্কা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ সকাল ১১টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানপ্রদত্ত ক্ষমতাবলে সোমবার এ অধিবেশন আহ্বান করেন। দীর্ঘ সময় পর একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ দেখতে যাচ্ছে দেশ—এমন প্রত্যাশা করছেন রাজনীতি ও সংসদবিষয়ক বিশ্লেষকরা। তবে সরকারি ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি নানা ইস্যুতে তীব্র বিতর্কের সম্ভাবনায় শুরু থেকেই উত্তপ্ত হয়ে উঠতে পারে সংসদ।

বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়টি নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে মতবিরোধ সংসদের পরিবেশকে উত্তপ্ত করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পুনরুত্থানের অভিযোগ, নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক সহিংসতা, হামলা-মামলা, নির্যাতন ও হয়রানির বিষয়গুলো সংসদে আলোচনার কেন্দ্রে আসতে পারে। রাজধানীসহ সারা দেশে যানজট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট ও জনদুর্ভোগের প্রশ্নও সংসদের আলোচনায় বড় জায়গা নেবে।

গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জোট পেয়েছে ২১২টি আসন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হন। একটি আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত রয়েছে এবং আরও দুটি আসনের ফলাফল স্থগিত থাকলেও সেগুলোতে বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন। বর্তমানে বিএনপির একক আসন সংখ্যা ২০৮। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই অধিবেশন বসছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম দিনের কার্যক্রমের শুরুতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে দিনের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী অধিবেশন পরিচালিত হবে। প্রথম দিন শোক প্রস্তাব গ্রহণ, সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ এবং অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ উত্থাপন করা হবে।

তবে দ্বাদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতির কারণে প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন কে—তা এখনো চূড়ান্ত হয়নি। সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, এ ক্ষেত্রে রাষ্ট্রপতি মনোনীত কোনো সংসদ সদস্য প্রথম বৈঠক পরিচালনা করতে পারেন। অতীত নজির অনুযায়ী সিনিয়র সংসদ সদস্যদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে।

সরকারি ও বিরোধী দলের একাধিক সংসদ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে উভয় পক্ষই ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিরোধী দলের সংসদ সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, যেখানে সংবিধান, সংসদের কার্যপ্রণালি, আইন প্রণয়ন ও সংসদীয় আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তারা দ্রব্যমূল্য, যানজট, গ্যাস সংকট, রাজনৈতিক সহিংসতা ও সংস্কার ইস্যুতে জোরালো বক্তব্য রাখবেন।

অন্যদিকে, বিরোধী দলের সম্ভাব্য আক্রমণাত্মক অবস্থানের জবাব দিতে সরকারি দলও প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি অভিযোগের তথ্যভিত্তিক ও যুক্তিসংগত উত্তর দিতে সংসদ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, তারা বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের অঙ্গীকার করেছে। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, সংসদে জনগণের স্বার্থ রক্ষাই তাদের প্রধান লক্ষ্য। সরকার জনস্বার্থে ভালো উদ্যোগ নিলে তারা সমর্থন দেবেন, আর জনবিরোধী কিছু হলে শক্তভাবে প্রতিবাদ করবেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দীর্ঘদিনের নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি ভেঙে সংসদে ইতিবাচক ও দায়িত্বশীল রাজনীতি প্রতিষ্ঠা করাই তাদের উদ্দেশ্য। সরকারের ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতা এবং নেতিবাচক সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদ ও রাজপথে প্রতিবাদ গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

সরকারি দলের নেতারা মনে করছেন, এবারের সংসদ হবে ব্যতিক্রমী ও কার্যকর। সংসদ বয়কটের রাজনীতি থেকে বেরিয়ে এসে বিরোধী দল সক্রিয় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও তাদের। নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, অতীতে সংসদ ছিল একতরফা ও নিষ্ক্রিয়। এবার জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে সরাসরি কথা বলবেন, ফলে সংসদ হবে প্রাণবন্ত।

ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত বলেন, এবারের সংসদে নতুন, উচ্চশিক্ষিত ও রাজপথে সক্রিয় নেতারা এসেছেন। এতে সংসদ হবে জমজমাট ও কার্যকর। সব সমস্যার সমাধান সংসদের মধ্য দিয়েই হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংসদবিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিজাম উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের এমপিদের প্রশিক্ষণ সংসদীয় ইতিহাসে নতুন দৃষ্টান্ত। এটি প্রমাণ করে, তারা প্রস্তুতি নিয়েই সংসদে যাচ্ছেন। তার মতে, এবারের সংসদে তীব্র বিতর্ক, গঠনমূলক সমালোচনা ও সক্রিয় অংশগ্রহণ দেখা যাবে। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অতীতে নেতিবাচক প্রভাব ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, এবার বিএনপি কীভাবে দায়িত্ব পালন করে সেটাই হবে মূল পরীক্ষার বিষয়।

সব মিলিয়ে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকেই উত্তপ্ত আলোচনা, তর্ক-বিতর্ক ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক ধারা সূচনার প্রত্যাশা করছে দেশবাসী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ