সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের বেতনের বড় অংশ তিনি বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য দান করেছেন। শুক্রবার ভোরে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। জানা গেছে, […]
ছবি: সংগৃহীত
সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের বেতনের বড় অংশ তিনি বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য দান করেছেন।
শুক্রবার ভোরে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
জানা গেছে, বেদে জনগোষ্ঠীকে মূলধারার শিক্ষায় যুক্ত করতে তিনি ‘Let’s Meet Gypsy Genius’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছেন। এই কর্মসূচির আওতায় তার প্রথম মাসের বেতন থেকে বেদে সম্প্রদায়ের ৩৪ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
এছাড়া উচ্চমাধ্যমিকের পর উচ্চশিক্ষায় আগ্রহী বেদে শিক্ষার্থীদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বিশেষ বৃত্তি দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
বেদে সম্প্রদায়ের সভাপতি আলাউদ্দিন ওঝা বলেন, জনপ্রতিনিধির এমন উদ্যোগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এই সহায়তার মাধ্যমে বেদে সম্প্রদায়ের শিশুরা যাযাবর জীবনের সীমাবদ্ধতা পেরিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, বেদে সম্প্রদায় দীর্ঘদিন ধরে অবহেলিত এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের সন্তানদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অর্থের অভাবে যেন কোনো শিশুর শিক্ষাজীবন থেমে না যায়, সেটি নিশ্চিত করাই তার লক্ষ্য। একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের প্রথম মাসের বেতনের অংশ শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে।