দি বাংলা ভয়েস ডেস্ক ঃ জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী প্রবাসীরা এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই যেকোনো সময় অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন বলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শনিবার (২৯ নভেম্বর) মক ভোটিং বা […]
দি বাংলা ভয়েস ডেস্ক ঃ জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী প্রবাসীরা এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই যেকোনো সময় অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন বলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে এই ব্যবস্থা চালু করা হয়েছে।
এদিকে রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শনিবার (২৯ নভেম্বর) মক ভোটিং বা পরীক্ষামূলক ভোটের আয়োজন করেছে ইসি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, পূর্বনির্ধারিত পদ্ধতিতে বিশ্বকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য পাঁচ দিন করে নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে মঙ্গলবার রাত ১২টার পর (২৭ তারিখ ০ ঘণ্টা) থেকে সেই অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নেওয়া হচ্ছে। ফলে প্রবাসীরা বিশ্বের যেকোনো জায়গা থেকে সুবিধামতো সময়ে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।
ইসি সচিব আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে পুরো প্রক্রিয়াটি দক্ষভাবে সম্পন্ন করতে আগামী শনিবার মক ভোটিং (রিহার্সাল) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঢাকায় নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে অনলাইনে সঠিক তথ্য প্রচার এবং অপতথ্য প্রতিরোধে একটি ওয়ার্কশপ আয়োজন করে টিকটক। ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপদ ও তথ্যভিত্তিক ডিজিটাল পরিবেশ তৈরির উপায় নিয়ে মতবিনিময় হয় এ কর্মশালায়। আলোচনায় টিকটকের পক্ষ থেকে নেতৃত্ব দেন সাউথ এশিয়া অঞ্চলের হেড অব পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস ফেরদৌস মোত্তাকিন।