যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) এক কর্মকর্তাকে প্রেমিকাকে ধর্ষণ, শ্বাসরোধ, শারীরিক নির্যাতন এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, কয়েক দিনের ব্যবধানে তিনি একই নারীর ওপর একাধিকবার সহিংস হামলা চালিয়েছেন। গ্রেফতার হওয়া কর্মকর্তার নাম অমরিন্দর বাওয়া (২৯)। গত শুক্রবার কুইন্স থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন, জোরপূর্বক বাসায় […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) এক কর্মকর্তাকে প্রেমিকাকে ধর্ষণ, শ্বাসরোধ, শারীরিক নির্যাতন এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, কয়েক দিনের ব্যবধানে তিনি একই নারীর ওপর একাধিকবার সহিংস হামলা চালিয়েছেন।
গ্রেফতার হওয়া কর্মকর্তার নাম অমরিন্দর বাওয়া (২৯)। গত শুক্রবার কুইন্স থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন, জোরপূর্বক বাসায় প্রবেশ, শ্বাসরোধের চেষ্টা, শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি, হামলা এবং সম্পত্তি নষ্টের অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে গত ৫ জুলাই স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহান্তে। অভিযোগ রয়েছে, গভীর রাতে কুইন্সে প্রেমিকার অ্যাপার্টমেন্টে গিয়ে তিনি জোর করে তাকে বিছানায় ফেলে দেন। ভুক্তভোগী বারবার আপত্তি জানিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
তদন্তকারীদের দাবি, এটিই একমাত্র ঘটনা ছিল না। পরবর্তী কয়েক দিনে আরও অন্তত দুটি ঘটনায় একই নারী নির্যাতনের শিকার হন।
আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, এক ঘটনায় বাসায় ফেরার পথে গাড়ির ভেতরেই অমরিন্দর বাওয়া তার প্রেমিকার গলা চেপে ধরেন এবং তাকে একাধিকবার চড় মারেন। পরে অ্যাপার্টমেন্টে নিয়ে গিয়ে দুই হাত চেপে ধরে বিছানায় ফেলে তার বুকে হাঁটু দিয়ে চাপ দেন। এতে তিনি একপর্যায়ে অচেতন হয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নির্যাতনের সময় ভুক্তভোগী গোপনে ৯১১ নম্বরে সাহায্যের বার্তা পাঠাতে সক্ষম হন। তবে অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত সেই বার্তাটি মুছে ফেলেন, যাতে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি জানতে না পারে।
এরপর গত ১০ জুলাই তিনি আবারও ভুক্তভোগীর অ্যাপার্টমেন্টে যান। প্রসিকিউটরদের অভিযোগ, তিনি জোরে দরজায় আঘাত করতে থাকেন এবং নাম ধরে ডাকাডাকি করেন। একপর্যায়ে জোরপূর্বক বাসায় প্রবেশ করেন।
ভুক্তভোগী দ্রুত একটি কক্ষে গিয়ে ৯১১ নম্বরে ফোন করলে অভিযুক্ত তাকে খুঁজে বের করে মুখ ও মাথায় একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ। আদালতের নথি অনুযায়ী, এরপর তিনি তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পুলিশকে নিজের পরিচয় না জানানোর জন্য হুমকি দেন।
এনওয়াইপিডি জানিয়েছে, অভিযোগের তদন্ত চলাকালে অমরিন্দর বাওয়াকে বেতন ছাড়া সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার আদালতে হাজির হয়ে তিনি নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন এবং নিজেকে নির্দোষ দাবি করেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তের আইনজীবীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।