সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
৫:০০ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফাতিহা-ই-ইয়াজদহম কী, কেন পালন করা হয়

ইসলামের ইতিহাসে মহান মনীষী ও আধ্যাত্মিক সাধকদের স্মরণে বিভিন্ন সময়ে ধর্মীয় আলোচনা, দোয়া ও ইসালে সওয়াবের আয়োজন হয়ে থাকে। সুফি সাধক, কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত আলেম হজরত শেখ আবদুল কাদির জিলানি (রহ.)-এর স্মরণে হিজরি রবিউস সানি মাসের ১১ তারিখে পালিত হয় ‘ফাতিহা-ই-ইয়াজদহম’। বিশ্বের বিভিন্ন দেশে সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে দিনটি শ্রদ্ধা ও […]

ফাতিহা-ই-ইয়াজদহম কী, কেন পালন করা হয়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ইসলামের ইতিহাসে মহান মনীষী ও আধ্যাত্মিক সাধকদের স্মরণে বিভিন্ন সময়ে ধর্মীয় আলোচনা, দোয়া ও ইসালে সওয়াবের আয়োজন হয়ে থাকে। সুফি সাধক, কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত আলেম হজরত শেখ আবদুল কাদির জিলানি (রহ.)-এর স্মরণে হিজরি রবিউস সানি মাসের ১১ তারিখে পালিত হয় ‘ফাতিহা-ই-ইয়াজদহম’।

বিশ্বের বিভিন্ন দেশে সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে দিনটি শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়ে আসছে। তবে এর মূল উদ্দেশ্য কেবল আনুষ্ঠানিকতা নয়; আবদুল কাদির জিলানি (রহ.)-এর জীবন, তাঁর দ্বীনি শিক্ষা, সুন্নাহর অনুসরণ এবং নৈতিক আদর্শ থেকে শিক্ষা গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামের অর্থ

‘ফাতিহা-ই-ইয়াজদহম’ ফারসি ভাষার দুটি শব্দের সমন্বয়ে গঠিত। ‘ফাতিহা’ বলতে দোয়া, মোনাজাত, জিয়ারত কিংবা কোনো বুজুর্গের রুহের মাগফিরাত ও মর্যাদা কামনায় কোরআন তিলাওয়াত করে ইসালে সওয়াব করাকে বোঝানো হয়। আর ‘ইয়াজদহম’ ফারসি সংখ্যাবাচক শব্দ, যার অর্থ ১১।

সে হিসেবে ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ অর্থ ১১-এর ফাতিহা শরিফ। আবদুল কাদির জিলানি (রহ.)-এর স্মরণে রবিউস সানি মাসের ১১ তারিখে যে ইসালে সওয়াব ও মোনাজাতের আয়োজন করা হয়, সেটিই ফাতিহা-ই-ইয়াজদহম নামে পরিচিত।

এ বছর ২৩ সেপ্টেম্বর, বুধবার দিনটি পালিত হওয়ার কথা রয়েছে।

আবদুল কাদির জিলানি (রহ.)-এর জীবন

আবদুল কাদির জিলানি (রহ.) ৪৭০ হিজরি বা ১০৭৮ খ্রিষ্টাব্দে ইরানের জিলান প্রদেশের কাস্পিয়ান সাগরসংলগ্ন একটি শহরে জন্মগ্রহণ করেন। পিতৃসূত্রে তিনি হজরত হাসান (রা.) এবং মাতৃসূত্রে হজরত হোসাইন (রা.)-এর বংশধর ছিলেন বলে বর্ণনা রয়েছে।

বাল্যকাল থেকেই জ্ঞানার্জনের প্রতি গভীর আগ্রহ ছিল তাঁর। উচ্চতর জ্ঞান অর্জনের জন্য তিনি তৎকালীন জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র বাগদাদে যান। সেখানে শায়খ আবু জাকারিয়া তাবরিজি (রহ.)-সহ সমকালীন আলেমদের কাছ থেকে তাফসির, হাদিস, ফিকহ ও আরবি সাহিত্যে শিক্ষা গ্রহণ করেন।

দ্বীনি জ্ঞানের পাশাপাশি ইতিহাস, ভূগোল, দর্শন ও কাব্যেও তাঁর পাণ্ডিত্য ছিল বলে উল্লেখ করা হয়। তিনি হাম্বলি ও শাফেয়ি মাজহাবের একজন বিশিষ্ট ফকিহ হিসেবেও পরিচিত।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাঁর অনুগত ও বুজুর্গ বান্দাদের সম্পর্কে বলেছেন—

أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

‘জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর অলি বা বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবেন না।’ —সুরা ইউনুস, আয়াত ৬২।

সুফি সাধনায় তাঁর অবদান

বাগদাদে আবদুল কাদির জিলানি (রহ.)-এর বয়ান ও রূহানি নসিহত শুনতে বিপুলসংখ্যক মানুষ সমবেত হতেন। তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও ধর্মীয় বক্তব্যে বহু মানুষ প্রভাবিত হন বলে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে।

কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হিসেবে তিনি তাসাউফের জগতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। সুফি ধারায় তাঁর আধ্যাত্মিক মর্যাদার কারণে তাঁকে ‘গাউসুল আজম’ ও ‘বড়পীর’ নামে অভিহিত করা হয়।

তাঁর বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘গুনিয়াতুত তালিবিন’, ‘ফাতহুল গাইব’, ‘আল-ফাতহুর রাব্বানি’ ও ‘কাসিদায়ে গাউসিয়া’। এসব গ্রন্থ ইসলামি জ্ঞান ও আধ্যাত্মিক চর্চায় গুরুত্বপূর্ণ বলে অনুসারীরা মনে করেন।

কীভাবে পালন করা হয়

হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি, অর্থাৎ ১১৬৬ খ্রিষ্টাব্দের ২১ ফেব্রুয়ারি, আবদুল কাদির জিলানি (রহ.) ইন্তেকাল করেন। ইরাকের বাগদাদে তাঁর মাজার অবস্থিত।

তাঁর স্মরণে ফাতিহা-ই-ইয়াজদহম উপলক্ষে মুসলিম সমাজে সাধারণত তাঁর জীবন, চরিত্র ও ইসলামি খেদমত নিয়ে আলোচনা করা হয়। এ সময় দরুদ পাঠ, কোরআন তিলাওয়াত, দান-সদকা এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে ইসালে সওয়াব করা হয়।

মৃত ব্যক্তির জন্য দোয়া ও ভালো আমলের গুরুত্ব বোঝাতে হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ: إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ

‘মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার তিনটি আমল ব্যতীত বাকি সব আমলের পথ বন্ধ হয়ে যায়—সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং এমন নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।’ —মুসলিম ৪২০৫।

দিবসটির মূল শিক্ষা

ফাতিহা-ই-ইয়াজদহমকে ঘিরে বিভিন্ন আলেম ও ধর্মীয় অনুসারী মনে করেন, শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতার মধ্যেই এ দিনের তাৎপর্য সীমাবদ্ধ নয়। অপ্রয়োজনীয় সাজসজ্জা বা আড়ম্বরের পরিবর্তে আবদুল কাদির জিলানি (রহ.)-এর জীবন ও শিক্ষার আলোকে নৈতিকতা, সততা, আমানতদারিতা এবং সুন্নাহভিত্তিক জীবনযাপনের দিকে মনোযোগ দেওয়াই গুরুত্বপূর্ণ।

বড়পীর হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর জীবন থেকে সত্যবাদিতা, নৈতিক চরিত্র ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণের শিক্ষা গ্রহণকেই ফাতিহা-ই-ইয়াজদহমের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে তুলে ধরা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ