রংপুর-৪ আসনের বিজয়ী ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, রংপুরের হারাগাছ এলাকায় বিএনপির নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন। আখতার হোসেন লেখেন, বিকাল থেকে হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকিং করে এনসিপির […]
ছবি: সংগৃহীত
রংপুর-৪ আসনের বিজয়ী ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, রংপুরের হারাগাছ এলাকায় বিএনপির নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে।
শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন। আখতার হোসেন লেখেন, বিকাল থেকে হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকিং করে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে, মারধর করে রক্তাক্ত করছে। এ সময় বহু বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট করা হয়েছে, মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এবং আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ‘ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে। এ ধরনের সহিংসতা ও নৈরাজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এদিকে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের পরাজিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম-ও ফেসবুক পোস্টে একাধিক স্থানে হামলার অভিযোগ তুলেছেন। তিনি জানান, পঞ্চগড়-১ আসনে অন্তত ৩০টির বেশি জায়গায় বিএনপির নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের ওপর, তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে এবং হুমকি দিয়েছে। অনেক নেতাকর্মী আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে আছেন বলেও উল্লেখ করেন তিনি।
অপর একটি পোস্টে সারজিস আলম বলেন, পঞ্চগড়ের মীরগড় এলাকায় বিএনপির নেতাকর্মীরা দোকান ভাঙচুর করছে, বাড়িতে হামলা চালাচ্ছে এবং রগ কেটে নেওয়ার মতো ভয়ংকর হুমকি দিচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘এটাই কি বিএনপির পরিকল্পনা?’
এনসিপি নেতারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলা বন্ধ, দোষীদের গ্রেপ্তার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।