ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য নয়, বরং সংস্কার কার্যকর করার লক্ষ্যেই সংসদে যাবেন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘১২ তারিখ থেকে সংসদের অধিবেশন শুরু […]
ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য নয়, বরং সংস্কার কার্যকর করার লক্ষ্যেই সংসদে যাবেন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
মঙ্গলবার রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘১২ তারিখ থেকে সংসদের অধিবেশন শুরু হবে। আমরা শুনছি, ওই দিন ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুড় রাষ্ট্রপতি বক্তব্য দেবেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই—ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য সংসদে যাচ্ছি না। আমরা যাচ্ছি সংস্কার আদায় করতে, জুলাই সনদ বাস্তবায়ন করতে এবং কবে উচ্চ কক্ষ গঠন হবে তা নিশ্চিত করতে।’
শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি হাদি ভাইয়ের হত্যাকারীদের ভারতে আটক করা হয়েছে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত ছিল তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে।’
ফ্যামিলি কার্ড চালু করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘দুর্নীতি বন্ধ না হলে এবং ঋণখেলাপি রোধ করা না গেলে এই ফ্যামিলি কার্ড দেশের তেমন কোনো উপকারে আসবে না। তাই দ্রুত ঋণখেলাপিদের কাছ থেকে বকেয়া ঋণ আদায়ের ব্যবস্থা নিতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ, মাহিন সরকার ও তাহসিন রিয়াজ এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।
এছাড়া অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের এমপি ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাঈন উদ্দিনসহ এগারো দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।