ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচন এগিয়ে বা পেছানোর মতো কোনো পরিস্থিতি নেই এবং এ বিষয়ে কোনো ব্যক্তি বা রাজনৈতিক শক্তিরও তেমন প্রভাব নেই। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আয়োজিত এক […]
ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচন এগিয়ে বা পেছানোর মতো কোনো পরিস্থিতি নেই এবং এ বিষয়ে কোনো ব্যক্তি বা রাজনৈতিক শক্তিরও তেমন প্রভাব নেই।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারিতেই ভোট হবে—এ বিষয়ে তাদের পূর্ণ আস্থা রয়েছে।
তারেক রহমানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অভ্যুত্থানের পর এক বছরেরও বেশি সময় পার হলেও তার দেশে ফেরা নিয়ে দলীয় বা জনমতের দিক থেকে কোনো বাধা নেই। বরং রাজনৈতিক পরিস্থিতি বিচার করলে বোঝা যায়, দেশে ফিরলে তার জন্য নতুন কোনো সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে অংশ নেওয়ার সুযোগ দিয়ে জুলাই অভ্যুত্থানের মূল প্রত্যাশাকে ব্যাহত করছে। তার মতে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক চরিত্র একই রকম এবং অতীতে ভারতের ওপর নির্ভরশীলতা দেখিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করেছে। আওয়ামী লীগ যে ধরনের বিচারের মুখোমুখি হচ্ছে, জাতীয় পার্টির ক্ষেত্রেও একই রায় প্রযোজ্য হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষিবিদ উইংয়ের গোলাম মর্তুজা সেলিমসহ ঠাকুরগাঁওয়ের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।