বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল, শক্তিশালী ও আস্থাভিত্তিক করে গড়ে তুলতে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির নির্বাহী পরিচালক পর্ষদ সম্প্রতি এই অর্থায়ন অনুমোদন করে, যা দেশের আর্থিক খাত সংস্কার এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ব্যবহৃত হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হতে যাওয়া ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’-এর মূল লক্ষ্য হলো ব্যাংকিং ব্যবস্থার […]
বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল, শক্তিশালী ও আস্থাভিত্তিক করে গড়ে তুলতে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির নির্বাহী পরিচালক পর্ষদ সম্প্রতি এই অর্থায়ন অনুমোদন করে, যা দেশের আর্থিক খাত সংস্কার এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ব্যবহৃত হবে।
বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হতে যাওয়া ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’-এর মূল লক্ষ্য হলো ব্যাংকিং ব্যবস্থার ভিত্তিকে আরও মজবুত করা, ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি ও নিয়ন্ত্রক সক্ষমতা বাড়ানো। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কার ও পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরিতেও সহায়তা করবে এই প্রকল্প।
প্রকল্পের আওতায় দেশের আমানত সুরক্ষা তহবিলের মূলধন বৃদ্ধি করা হবে, যাতে ছোট আমানতকারীরা আর্থিক অনিশ্চয়তার সময়ে সুরক্ষা পান। পাশাপাশি কার্যকর জরুরি তারল্য সহায়তা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে, যা ব্যাংকিং খাতে হঠাৎ সৃষ্ট সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যাংক পুনর্গঠন কৌশল প্রণয়ন এবং দুর্বল ব্যাংকগুলোর পুনর্বাসন প্রক্রিয়াও এই কর্মসূচির অংশ হবে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে নানা ধরনের চাপে রয়েছে। চলতি বছরের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের হার বেড়ে ৩২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে, যা দক্ষিণ এশিয়ার গড় ৭ দশমিক ৯ শতাংশের তুলনায় অনেক বেশি। একই সময়ে ব্যাংকিং খাতের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ঋণাত্মক ২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে, যা খাতটির জন্য বড় ধরনের সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে বলেছেন, এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার যে লক্ষ্য বাংলাদেশ সামনে রেখেছে, তা অর্জনের জন্য একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত অপরিহার্য। তবে দেশের আর্থিক খাতের প্রায় ৯০ শতাংশ সম্পদ ধারণকারী ব্যাংকিং ব্যবস্থা বর্তমানে বাড়তি চাপ ও ঝুঁকির মধ্যে রয়েছে। এই বাস্তবতায় ছোট আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা নিশ্চিত করাই প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।
এই কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামোরও ব্যাপক আধুনিকায়ন করা হবে। ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি মোকাবিলা, তথ্য বিশ্লেষণ সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক খাতজুড়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের ঝুঁকি পর্যবেক্ষণ, তথ্যনির্ভর তদারকি এবং ঝুঁকিভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ আর্থিক খাত বিশেষজ্ঞ এবং প্রকল্পটির টাস্ক টিম লিডার তোশিয়াকি ওনো বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিত উদ্যোগের অংশ হিসেবেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সম্ভাব্য ব্যাংকিং সংকট মোকাবিলায় প্রস্তুতি জোরদার হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতাও বাড়বে।
অর্থনীতিবিদদের মতে, দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া টেকসই বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। তাই বিশ্বব্যাংকের এই নতুন অর্থায়ন শুধু ব্যাংক সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করা হচ্ছে।