বিমানের বহরে এবার প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের উড়োজাহাজ। বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে ইউরোপীয় দেশ ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্যে রয়েছে চারটি এ৩৫০-৯০০ ও ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ। বুধবার সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ […]
ছবি: সংগৃহীত
বিমানের বহরে এবার প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের উড়োজাহাজ। বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে ইউরোপীয় দেশ ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্যে রয়েছে চারটি এ৩৫০-৯০০ ও ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ।
বুধবার সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিমানের পক্ষে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামের অনুষ্ঠানে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, চারটি এ৩৫০-৯০০ প্রশস্ত কাঠামোর উড়োজাহাজ দূরপাল্লার আন্তর্জাতিক রুটে এবং ছয়টি এ৩২১নিও সরু কাঠামোর উড়োজাহাজ আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
চুক্তি অনুযায়ী, এসব উড়োজাহাজের সরবরাহ ২০৩৩ সালে শুরু হতে পারে। পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত উড়োজাহাজগুলো বিমানের বহরে যুক্ত হতে পারে।
এয়ারবাসের সঙ্গে চুক্তির আগে চলতি বছর দুই দফায় যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকেও মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
গত ৩০ এপ্রিল প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এসবের মধ্যে রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ। বাংলাদেশি মুদ্রায় ওই চুক্তির মূল্য প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা।
এরপর গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। এর মধ্যে রয়েছে পাঁচটি ৭৮৭-১০ এবং ছয়টি ৭৩৭-৮ ম্যাক্স।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বোয়িংয়ের উড়োজাহাজগুলো ২০৩১ সাল থেকে বিমানের বহরে যুক্ত হতে পারে। সব উড়োজাহাজ পেতে ১১ থেকে ১২ বছর সময় লাগবে।
এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানের বহরে প্রথমবারের মতো ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠানের উড়োজাহাজ যুক্ত হবে। একই সঙ্গে দীর্ঘপাল্লার আন্তর্জাতিক, আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে বিমানের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও বাস্তবায়নের পথে এগোবে।