বাল্যবিবাহ প্রতিরোধে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ আইন সংস্কারে ছয়টি সুপারিশ করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফ। একই সঙ্গে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১৯ ধারা বাতিলের প্রস্তাব দিয়েছে সংস্থা দুটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় […]
ছবি: সংগৃহীত
বাল্যবিবাহ প্রতিরোধে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ আইন সংস্কারে ছয়টি সুপারিশ করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফ। একই সঙ্গে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১৯ ধারা বাতিলের প্রস্তাব দিয়েছে সংস্থা দুটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব সুপারিশ তুলে ধরা হয়।
আগামী ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে বন্ধ দিবস সামনে রেখে আইন সংস্কারের অগ্রগতি, প্রস্তাবিত পরিবর্তন এবং বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে এ সভার আয়োজন করে ইউএনএফপিএ। এতে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এবং ২০১৮ সালের বিধিমালার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরা হয়। প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে বাংলাদেশের মেয়েদের আইনি সুরক্ষায় কী ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে, তা নিয়েও আলোচনা হয়।
সভায় ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ আইনি পর্যালোচনার তথ্য উপস্থাপন করে জানানো হয়, বিদ্যমান আইন ও বিধিমালার কিছু দুর্বলতা মেয়েদের আইনি সুরক্ষা নিশ্চিতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। শিশু বয়সে বিয়ে হওয়া মেয়েদের জন্য এই আইনের আওতায় সরাসরি বিয়ে বাতিলের কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে তাদের ব্যক্তিগত আইনের ওপর নির্ভর করতে হয়, যেখানে অনেক সময় আইনি প্রতিকারের সুযোগ সীমিত কিংবা একেবারেই অনুপস্থিত।
এ ছাড়া জন্ম ও বিয়ে নিবন্ধন ব্যবস্থার দুর্বলতা, জাল জন্মসনদ, হলফনামার মাধ্যমে বিয়ে, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নিষ্ক্রিয়তা এবং এ ধরনের ঘটনায় স্বল্পসংখ্যক মামলা দায়েরের মতো বাস্তবায়নসংক্রান্ত সমস্যাও পর্যালোচনায় উঠে এসেছে।
সংস্থা দুটির যৌথ সুপারিশে বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিলের পাশাপাশি নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে—
১. সংশ্লিষ্ট শিশুর ইচ্ছায় বাল্যবিবাহ বাতিলযোগ্য করার বিধান যুক্ত করা।
২. বাল্যবিবাহের ঘটনায় শিশুদের অপরাধের দায় থেকে অব্যাহতি দেওয়া।
৩. অভিযোগ দায়েরের সময়সীমা বাড়িয়ে ছয় বছর করা।
৪. বাল্যবিবাহসংক্রান্ত মামলা পরিচালনায় আদালতের এখতিয়ার, বিশেষ করে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা সুস্পষ্ট করা।
বাংলাদেশে বাল্যবিবাহ কমার হার নিয়ে সভায় উপস্থাপিত পরিসংখ্যানে দেখা যায়, এ ক্ষেত্রে অগ্রগতি থাকলেও কমার গতি এখনো ধীর। বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৪৭ দশমিক ২ শতাংশের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই প্রথম বিয়ে হয়েছে। ২০১৯ সালে এ হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ।
তবে উদ্বেগজনকভাবে, একই সময়ে বর্তমানে বিবাহিত ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের হার ৩২ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৩৮ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে।
বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, ‘বাংলাদেশে বাল্যবিবাহবিরোধী আইন রয়েছে। কিন্তু কোনো আইন তখনই মেয়েদের সুরক্ষা দিতে পারে, যখন তারা সে আইন সম্পর্কে জানবে এবং বিচারব্যবস্থা তাদের জন্য সহজলভ্য হবে ও পুরোপুরি জবাবদিহির আওতায় থাকবে।’
তিনি আরও বলেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এবং বাল্যবধূদের বাস্তব জীবনের পরিস্থিতি নিয়ে নির্ভুল সংবাদ পরিবেশন নীতিনির্ধারকদের আইন সংস্কারের গুরুত্ব বুঝতে সহায়তা করবে। পাশাপাশি, মেয়েদের শিক্ষা সম্পন্ন করতে এবং বাল্যবধূ ও মা হয়ে যাওয়ার পরিবর্তে নিজেদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াবে।’
আইন সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে ইউএনএফপিএ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। পাশাপাশি মেয়েদের বিদ্যালয়ে পড়াশোনা অব্যাহত রাখা, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্যবিষয়ক তথ্য ও সেবা পাওয়ার সুযোগ বাড়ানো এবং বাল্যবিবাহকে উৎসাহিত করে এমন ক্ষতিকর সামাজিক রীতিনীতি পরিবর্তনে সরকার ও অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করছে সংস্থাটি।
সভায় অংশ নেওয়া জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকেরা বাল্যবিবাহ নিয়ে তথ্য-প্রমাণভিত্তিক ও নৈতিক সাংবাদিকতা জোরদার করার পাশাপাশি দেশে এ বিয়ের হার কমাতে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।