ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২২৪টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এসব ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ১৭৫টি আসনে জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হলেও নেতাকর্মীদের কোনো ধরনের বিজয় মিছিল না করার কড়া নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দিবাগত […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২২৪টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এসব ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ১৭৫টি আসনে জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হলেও নেতাকর্মীদের কোনো ধরনের বিজয় মিছিল না করার কড়া নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার দিবাগত রাতে (১৩ ফেব্রুয়ারি) বিএনপির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সারাদেশে বিজয় মিছিল বা শোভাযাত্রা না করে শুক্রবার বাদ জুমা মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। দলীয় নেতাকর্মীদের শান্ত, সংযত ও শৃঙ্খলাবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়েছে।
সর্বশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৪৫টি আসনে জয় পেয়েছে। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা তিনটি আসনে বিজয়ী হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ব্যাপক ভিড় দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয় ভোট গণনা। সংশ্লিষ্টরা জানান, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, শেরপুর-৩ (ঝিনাইগাতী–শ্রীবরদী) আসনের নির্বাচন স্থগিত থাকায় এবারের নির্বাচনে ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী ছিলেন মোট ৮৩ জন।
এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩২ জন। দেশের বাইরে অবস্থানরত ভোটারদের জন্য ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়।