বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে আবারও পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্থগিত হওয়া দুটি ম্যাচ আগামী ৪ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বুধবার (৩১ […]
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে আবারও পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্থগিত হওয়া দুটি ম্যাচ আগামী ৪ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বুধবার (৩১ ডিসেম্বর) কোনো বিপিএল ম্যাচ আয়োজন করা হবে না। এ কারণে সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
বিসিবি আরও জানায়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ও শুক্রবার (১ ও ২ জানুয়ারি) যেসব ম্যাচ নির্ধারিত ছিল, সেগুলো পূর্বঘোষিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা ছিল। সন্ধ্যার ম্যাচে খেলতে নামার কথা ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের। নতুন সূচি অনুযায়ী এই দুটি ম্যাচ আগামী রবিবার, ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার বিকেলে বিপিএলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছিল, স্থগিত ম্যাচগুলো বুধবার অনুষ্ঠিত হবে। তবে পরবর্তীতে রাষ্ট্রীয় শোকের কারণে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
এদিকে, আগামী সোমবার থেকে চট্টগ্রামে বিপিএলের পরবর্তী পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ম্যাচগুলোর সংশোধিত সূচি শিগগিরই প্রকাশ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল।