বিরতির পর আবারও মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে পুনরায় শুরু হচ্ছে টুর্নামেন্ট। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টায় সিলেটে মুখোমুখি হবে জয় দিয়ে আসর শুরু করা ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স। ম্যাচকে সামনে রেখে আগের দিন অনুশীলন করেছে দুই দলই। উদ্ভূত পরিস্থিতির কারণে বিপিএলের সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয় […]
ছবি: সংগৃহীত
বিরতির পর আবারও মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে পুনরায় শুরু হচ্ছে টুর্নামেন্ট। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টায় সিলেটে মুখোমুখি হবে জয় দিয়ে আসর শুরু করা ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স। ম্যাচকে সামনে রেখে আগের দিন অনুশীলন করেছে দুই দলই।
উদ্ভূত পরিস্থিতির কারণে বিপিএলের সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩০ ডিসেম্বর স্থগিত হওয়া ম্যাচগুলো পুনর্নির্ধারণ করে নেওয়া হয়েছে ৪ জানুয়ারি। তবে বাকি সূচি আগের মতোই বহাল রয়েছে। সেই ধারাবাহিকতায় সিলেট–ঢাকা ম্যাচ দিয়েই ফের মাঠে গড়াচ্ছে বিপিএল।
তারকা সমৃদ্ধ ঢাকা ক্যাপিটালস টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে। প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলকে কার্যত উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ক্যাপিটালস। দলে নতুন করে যুক্ত হয়েছেন তারকা পেসার তাসকিন আহমেদ, যা ঢাকার বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করেছে।
প্রথম ম্যাচে সালমান মির্জা ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে একটি উইকেট নেন। পাশাপাশি পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জেতে ঢাকা। বোলিং ও ব্যাটিং—দুই বিভাগেই সিলেট টাইটান্সকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ঢাকা ক্যাপিটালস।
ব্যাটিংয়ে তরুণ আব্দুল্লাহ আল মামুন আছেন ভালো ছন্দে। অলরাউন্ডারের প্রাচুর্যে ঢাকার ব্যাটিং লাইনআপও বেশ লম্বা। ওপেনিংয়ে সাইফ হাসান ও উসমান খান নামবেন। সাইফ এখনো পুরোপুরি ছন্দে ফিরতে না পারলেও এ ম্যাচে তার সামনে বড় চ্যালেঞ্জ থাকবে রান খাতায় ফেরার।
মিডল অর্ডারে মোহাম্মদ মিথুন, নাসির হোসেন, সাব্বির রহমান ও শামীম পাটোয়ারীর মতো ব্যাটাররা ইনিংস শেষ করার দক্ষতা রাখেন। পাশাপাশি সাইফউদ্দিন ও ইমাদ ওয়াসিমের ব্যাট থেকেও গুরুত্বপূর্ণ রান পাওয়ার সম্ভাবনা রয়েছে। শক্তিমত্তার বিচারে মিরাজের সিলেট টাইটান্সের তুলনায় কিছুটা এগিয়ে থাকছে ঢাকা ক্যাপিটালস।
তবে ঘরের মাঠে সিলেট টাইটান্স সহজে হার মানতে রাজি নয়। ম্যাচের আগের দিন দুই ঘণ্টা অনুশীলন করেছে স্বাগতিকরা। দলে রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের একাধিক তারকা ক্রিকেটার। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাইম আইয়ুব টাইটান্স শিবিরে বড় ভরসা। নিজের দিনে একাই যে কোনো দলের বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি।
এ ছাড়া আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই দলে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে ভ্রমণ ক্লান্তি কাটিয়ে তিনি কতটা কার্যকর হতে পারবেন, সেটাই দেখার বিষয়। স্থানীয় ক্রিকেটার পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব ও জাকির হাসানও ভালো ছন্দে আছেন।
সব মিলিয়ে ঘরের মাঠে সিলেট টাইটান্স ও ছন্দে থাকা ঢাকা ক্যাপিটালসের লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনাই বেশি।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।