টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে নতুন এক বিতর্কের মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একের পর এক জটিলতার মধ্যেই এবার ক্রিকেটারদের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। বিশ্বকাপ শুরুর ছয় দিন আগে আইসিসির বিরুদ্ধে এই অভিযোগ এনে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠনটি। খবর দিয়েছে ইএসপিএনক্রিকইনফো। ডব্লিউসিএর অভিযোগ, খেলোয়াড়দের […]
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে নতুন এক বিতর্কের মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একের পর এক জটিলতার মধ্যেই এবার ক্রিকেটারদের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। বিশ্বকাপ শুরুর ছয় দিন আগে আইসিসির বিরুদ্ধে এই অভিযোগ এনে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠনটি। খবর দিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
ডব্লিউসিএর অভিযোগ, খেলোয়াড়দের নাম, ছবি ও অন্যান্য বাণিজ্যিক অধিকার (নেম, ইমেজ অ্যান্ড লাইকনেস—এনআইএল) সংক্রান্ত বিষয়ে আইসিসি চুক্তির শর্ত ভঙ্গ করেছে। সংগঠনটির দাবি, ২০২৪ সালে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত মূল চুক্তির বাইরে গিয়ে আইসিসি কয়েকটি দেশের খেলোয়াড়দের কাছে ভিন্ন ও বৈষম্যমূলক অংশগ্রহণের শর্তনামা পাঠিয়েছে, যা শোষণমূলক এবং খেলোয়াড়স্বার্থবিরোধী।
ডব্লিউসিএ জানায়, বিশেষ করে খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্য ব্যবহার এবং বাণিজ্যিক স্বত্ব সংক্রান্ত বিষয়ে আইসিসি এমন কিছু নিয়ম চাপিয়ে দিচ্ছে, যা ২০২৪ সালের চুক্তিতে ছিল না। এ নিয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হলেও অভিযোগ অস্বীকার করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
আইসিসির দাবি, ২০২৪ সালের ওই চুক্তি শুধুমাত্র আটটি পূর্ণ ও সহযোগী সদস্য দেশের জন্য প্রযোজ্য ছিল। অন্য অংশগ্রহণকারী দেশগুলো ওই চুক্তির আওতাভুক্ত নয় বলেই তাদের ওপর ভিন্ন শর্ত আরোপ করা হয়েছে বলে আইসিসির ব্যাখ্যা।
চুক্তির আওতায় থাকা দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। উল্লেখযোগ্য বিষয় হলো, ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ায় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের মতো কয়েকটি দেশ ডব্লিউসিএকে স্বীকৃতি দেয় না। ফলে এসব দেশের খেলোয়াড়রা এই সংগঠনের সদস্য নন। তবে জিম্বাবুয়ে, আফগানিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইতালির মতো দেশের খেলোয়াড় সংগঠন থাকলেও তারা এখনও আইসিসির অনুমোদিত শর্তাবলি হাতে পায়নি বলে জানা গেছে।
এর আগে বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়ে ডব্লিউসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা টম মোফাট বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় একটি আসরে বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেট জাতির না থাকা অত্যন্ত দুঃখজনক। আইসিসির উচিত ছিল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা, কাউকে বাদ দেওয়া নয়।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে, ক্রিকেটের বর্তমান পরিচালনা কাঠামোয় গুরুতর ত্রুটি রয়েছে। এভাবে চলতে থাকলে খেলাটির ওপর মানুষের আস্থা কমে যাবে এবং ক্রিকেটের ভবিষ্যৎই ঝুঁকির মুখে পড়বে। আমরা চাই বিভাজন নয়, ঐক্যবদ্ধ ক্রিকেট বিশ্ব।’