কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটান লিওনেল মেসি। বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসলেও দলের পেছনে কাজ করা কর্মীদের অবদান ভুলে যাননি এই আর্জেন্টাইন অধিনায়ক। আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফিটনেস কোচ জেরার্ডো সালোরিও জানিয়েছেন, বিশ্বকাপ জয়ের পর পাওয়া নিজের পুরো বোনাসই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদের মধ্যে ভাগ করে দেন […]
ছবি: সংগৃহীত
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটান লিওনেল মেসি। বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসলেও দলের পেছনে কাজ করা কর্মীদের অবদান ভুলে যাননি এই আর্জেন্টাইন অধিনায়ক।
আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফিটনেস কোচ জেরার্ডো সালোরিও জানিয়েছেন, বিশ্বকাপ জয়ের পর পাওয়া নিজের পুরো বোনাসই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদের মধ্যে ভাগ করে দেন মেসি।
রেডিও লা রেড-এএম ৯১০-এ দেওয়া এক সাক্ষাৎকারে সালোরিও বলেন, কাতার বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন দলের সদস্যরা নগদ বোনাস পেয়েছিলেন। কিন্তু মেসি সেই অর্থ নিজের কাছে না রেখে ফেডারেশনের সব কর্মীদের সমানভাবে ভাগ করে দেন।
তার ভাষায়, শুধু কর্মকর্তা নয়—রাঁধুনি, পরিচ্ছন্নতাকর্মীসহ ভবনের সঙ্গে যুক্ত সবাই সেই অর্থ পেয়েছেন। মেসি সবাইকে সমান গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
সালোরিও আরও জানান, জাতীয় দলের অবকাঠামোগত উন্নয়নেও বহু বছর ধরে সহায়তা করে আসছেন মেসি। ২০০৬ সাল থেকে কিছু খেলোয়াড় এ কাজে যুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে মেসিই মূল দায়িত্ব পালন করছেন বলে দাবি করেন তিনি।
মেসির ব্যক্তিত্বের প্রশংসা করে সাবেক এই কোচ বলেন, দলের ভেতরে ও বাইরে সবাই তাকে ভীষণ পছন্দ করে। তিনি অত্যন্ত বিনয়ী এবং সব ধরনের পরিস্থিতির সঙ্গে সহজে নিজেকে মানিয়ে নিতে পারেন। সালোরিওর মতে, মেসির মতো ব্যক্তিত্বের মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন।