সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৬:৩০ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম নিয়ে ধোঁয়াশা কাটালো ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে চলা জল্পনার অবসান ঘটিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি নিশ্চিত করেছে, রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিটের বেশি হবে না। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত […]

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম নিয়ে ধোঁয়াশা কাটালো ফিফা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে চলা জল্পনার অবসান ঘটিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি নিশ্চিত করেছে, রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিটের বেশি হবে না।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের পরিবেশনার কারণে বিরতির সময় ২৫ মিনিট বা তারও বেশি হতে পারে। তবে ফিফা জানিয়েছে, প্রচলিত ১৫ মিনিটের বিরতির সঙ্গে অতিরিক্ত মাত্র দুই মিনিট যোগ করা হয়েছে।

ফিফার তথ্য অনুযায়ী, এই ১৭ মিনিটের মধ্যে ১১ মিনিট থাকবে হাফটাইম শো। এতে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা এবং জাস্টিন বিবার। বাকি ৬ মিনিট ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও অপসারণের কাজ এবং মাঠের ঘাসের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য।

ফাইনালের আগে মাঠের ঘাসের অবস্থা নিয়েও আলোচনা তৈরি হয়েছিল। স্পেন শিবির থেকে অভিযোগ করা হয়, মাঠের ঘাস কিছুটা শুষ্ক এবং ধীরগতির। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে বিরতির সময় মাঠে পানি ছিটিয়ে খেলার উপযোগী অবস্থা নিশ্চিত করার পরিকল্পনা করেছে ফিফা।

এদিকে, তীব্র গরমের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। বিশ্বকাপজুড়ে চালু থাকা ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতির নিয়ম ফাইনালেও বহাল থাকবে। ফলে ম্যাচের প্রতিটি অর্ধে একটি করে, মোট দুটি হাইড্রেশন ব্রেক পাবেন খেলোয়াড়রা।

ফিফা জানিয়েছে, সময় ব্যবস্থাপনা, মাঠের অবস্থা এবং দর্শকদের বিনোদনের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই সূচি নির্ধারণ করা হয়েছে, যাতে হাফটাইম শো হলেও ম্যাচের ধারাবাহিকতা ব্যাহত না হয়।

এবারের বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ শুধু আর্জেন্টিনা-স্পেনের লড়াই নিয়েই নয়; শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের অংশগ্রহণে আয়োজিত হাফটাইম শো নিয়েও সমান প্রত্যাশা তৈরি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ