Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৭:২৬ পিএম, ২৫ জুন ২০২৬

বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়িচাপায় প্রাণ গেল দুই নারীর

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ উপভোগ করে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান তারা। পরে ঘটনায় জড়িত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার নিউজার্সির নেওয়ার্ক শহরের পার্ক অ্যাভিনিউ ও নর্থ সেভেনথ স্ট্রিটের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই নারী হলেন ৫৮ বছর বয়সী মারিয়ানা এলিজাবেথ ভালভার্দে […]

বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়িচাপায় প্রাণ গেল দুই নারীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ উপভোগ করে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান তারা। পরে ঘটনায় জড়িত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার নিউজার্সির নেওয়ার্ক শহরের পার্ক অ্যাভিনিউ ও নর্থ সেভেনথ স্ট্রিটের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই নারী হলেন ৫৮ বছর বয়সী মারিয়ানা এলিজাবেথ ভালভার্দে বেলট্রান এবং ৬১ বছর বয়সী মারিয়া ইসাবেল দেলসঅ্যাঞ্জেলেস সালগাদো আয়ালা।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় ২৬ বছর বয়সী ডেভিড জে. জাপাতা-ভেরা নামের এক ব্যক্তি অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি পথচারী পারাপারের নির্ধারিত স্থানে থাকা দুই নারীকে সজোরে ধাক্কা দেন। আঘাতের তীব্রতায় তারা কয়েক ফুট দূরে ছিটকে পড়েন।

প্রত্যক্ষদর্শী ম্যানুয়েল ক্যান্ডেলেরিয়া জানান, ট্রাফিক সিগন্যাল পরিবর্তনের আগমুহূর্তে চালক গতি আরও বাড়িয়ে দেন এবং দ্রুত মোড় অতিক্রম করার চেষ্টা করেন। তার মতে, অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে।

গুরুতর আহত অবস্থায় দুই নারীকে দ্রুত নেওয়ার্কের ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা গভীর শোক ও মানসিক আঘাতের মধ্যে রয়েছেন। নিহত মারিয়ানার আত্মীয় জেফরি চ্যাকন বলেন, পরিবারের সদস্যদের কাছে এমন দুঃসংবাদ পৌঁছে দেওয়া ছিল অত্যন্ত কষ্টের। বিশেষ করে বিদেশে থাকা স্বজনদের এই খবর জানাতে গিয়ে সবাই ভেঙে পড়েছেন।

ঘটনার পর কয়েকদিন আত্মগোপনে থাকার পর অভিযুক্ত চালক ডেভিড জে. জাপাতা-ভেরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে যানবাহন চালিয়ে মৃত্যুর কারণ হওয়া, দুর্ঘটনার পর ঘটনাস্থল ত্যাগ করা এবং আহতদের সহায়তা না করার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে তাকে জামিন ছাড়াই এসেক্স কাউন্টি কারাগারে রাখা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ