বিশ্ব ফুটবলের সেরার প্রশ্নে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা অন্য কোনো তারকার নাম নয়—নিজেকেই এগিয়ে রাখলেন কিলিয়ান এমবাপ্পে। বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় কে, এমন প্রশ্নের জবাবে ফরাসি ফরোয়ার্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের কাছে তিনিই সবার সেরা। এমবাপ্পের ভাষায়, তিনি সব সময়ই নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় মনে করেন। তবে কে সেরা, সেটি নিয়ে সবার মত এক […]
ছবি: সংগৃহীত
বিশ্ব ফুটবলের সেরার প্রশ্নে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা অন্য কোনো তারকার নাম নয়—নিজেকেই এগিয়ে রাখলেন কিলিয়ান এমবাপ্পে। বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় কে, এমন প্রশ্নের জবাবে ফরাসি ফরোয়ার্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের কাছে তিনিই সবার সেরা।
এমবাপ্পের ভাষায়, তিনি সব সময়ই নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় মনে করেন। তবে কে সেরা, সেটি নিয়ে সবার মত এক হবে না—এটিও স্বীকার করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন এমবাপ্পে। ৪৪ ম্যাচে করেছেন ৪২ গোল। যদিও দলীয়ভাবে বড় কোনো ট্রফি জিততে পারেনি রিয়াল, ব্যক্তিগত পারফরম্যান্সে ফরাসি তারকার ধারেকাছেও ছিলেন না অনেকেই।
এরপর ২০২৬ বিশ্বকাপেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। বিশ্বকাপে তাঁর মোট গোল এখন ২২, যা টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ।
এমন পারফরম্যান্সের পর নিজের নামটিকে বিশ্বের সেরা খেলোয়াড়ের তালিকায় সবার ওপরে রাখায় খুব একটা দ্বিধা নেই তাঁর।
এবারের ব্যালন ডি’অর নিয়েও আত্মবিশ্বাসী এমবাপ্পে। তাঁর মতে, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেললে স্বাভাবিকভাবেই এই পুরস্কারের আলোচনায় থাকা যায়।
ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বিশ্বকাপের পারফরম্যান্সও এবার তাঁর পক্ষে বড় যুক্তি হতে পারে বলে মনে করছেন তিনি। এমবাপ্পে বলেছেন, গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ইতিহাস গড়েছেন তিনি, তাই এবারের বছরটি ব্যালন ডি’অর জয়ের জন্য ভালো হতে পারে।
তবে শেষ সিদ্ধান্ত যে ভোটারদের হাতে, সেটিও পরিষ্কার করে দিয়েছেন ফরাসি অধিনায়ক। তাঁর মতে, প্রত্যেকে নিজের বিচার-বিবেচনা অনুযায়ী ভোট দেবেন।
এমবাপ্পের ক্যারিয়ারে ব্যক্তিগত সাফল্যের তালিকা দীর্ঘ হলেও ব্যালন ডি’অর এখনো অধরা। ২০২৩ সালে পিএসজির হয়ে এই পুরস্কারের দৌড়ে তৃতীয় হয়েছিলেন তিনি—এটাই এখন পর্যন্ত তাঁর সর্বোচ্চ অবস্থান।
এবার অবশ্য পরিস্থিতি কিছুটা ভিন্ন। বিশ্বকাপে গোল্ডেন বুট, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড এবং রিয়াল মাদ্রিদের হয়ে ৪২ গোল—সব মিলিয়ে নিজের দাবিটা জোরালো করেছেন এমবাপ্পে।
তবে ব্যালন ডি’অরের লড়াইয়ে শেষ কথা বলবেন ভোটাররাই। আর সেই ভোটের ফলই ঠিক করবে—এমবাপ্পের আত্মবিশ্বাস এবার বাস্তবে পুরস্কারে রূপ নেয় কি না।