সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:৪১ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং–বোলিং ব্যর্থতায় ভাঙল বাংলাদেশের ফাইনালের স্বপ্ন

স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইটা শুরু হয়েছিল অপেক্ষা আর শঙ্কা নিয়ে। টানা বৃষ্টিতে ম্যাচ মাঠে গড়ানোই ছিল অনিশ্চিত। দীর্ঘ অপেক্ষার পর খেলা শুরু হলেও ওভার কমে দাঁড়ায় ২৭–এ। কিন্তু সুযোগ পেয়েও পুরো ওভার খেলতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের অসহায়ত্বে শেষ পর্যন্ত ভেঙে যায় এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন। শুক্রবার (১৯ ডিসেম্বর) […]

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং–বোলিং ব্যর্থতায় ভাঙল বাংলাদেশের ফাইনালের স্বপ্ন
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইটা শুরু হয়েছিল অপেক্ষা আর শঙ্কা নিয়ে। টানা বৃষ্টিতে ম্যাচ মাঠে গড়ানোই ছিল অনিশ্চিত। দীর্ঘ অপেক্ষার পর খেলা শুরু হলেও ওভার কমে দাঁড়ায় ২৭–এ। কিন্তু সুযোগ পেয়েও পুরো ওভার খেলতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের অসহায়ত্বে শেষ পর্যন্ত ভেঙে যায় এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৬.৩ ওভারে অলআউট হয়ে তোলে মাত্র ১২১ রান। জবাবে পাকিস্তান ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয়।

লক্ষ্য ছোট হলেও শুরুতে প্রতিপক্ষকে চাপে ফেলেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার হামজা জাহোরকে শূন্য রানে ফেরান ইকবাল হোসেন ইমন। কিন্তু সেটিই ছিল প্রতিরোধের শেষ চিহ্ন।

তিন নম্বরে নামা উসমান খান ও ওপেনার সামির মিনহাজের জুটিতে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। এই জুটি থেকেই আসে ৮৫ রান। ২৬ বলে ২৭ রান করা উসমান খানকে সামিউন বশির রাতুল আউট করলেও ততক্ষণে ফল কার্যত নির্ধারিত হয়ে যায়।

চার নম্বরে নামা আহমেদ হোসাইনকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন সামির মিনহাজ। ইনিংসের গোড়াপত্তন করা এই ওপেনার তুলে নেন হাফসেঞ্চুরি এবং শেষ পর্যন্ত ৫৭ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন। আহমেদ হোসাইন অপরাজিত থাকেন ১৪ বলে ১১ রানে।

এর আগে ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ছন্দ হারায় বাংলাদেশ। চতুর্থ ও পঞ্চম ওভারে পরপর দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে দল। জাওয়াদ আবরার ১৩ বলে ৯ রান করে এবং রিফাত বেগ ১৬ বলে ১৪ রান করে আউট হন।

এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকী এলিন মিলে ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে আজিজুল তামিম ২৬ বলে ২০ রান করে ফিরে গেলে আবারও ভাঙে জুটি।

এরপর শুরু হয় ব্যাটারদের যাওয়া-আসার মিছিল। এলিন ২৩ বলে মাত্র ৮ রান করে ফেরেন। উইকেটরক্ষক ব্যাটার ফরিদ হাসানের ব্যাট থেকেও আসে মাত্র ৭ রান (২৩ বল)।

ব্যাটিং বিপর্যয়ের মাঝে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সাইমন বশির রাতুল। তিনি ৩৭ বলে ৩৩ রান করেন এবং তিন বল বাকি থাকতে আউট হন। শেষদিকে ইকবাল হোসেন ইমন ৪ বলে ১ রান করে অপরাজিত থাকেন।

সব মিলিয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ব্যর্থতায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থেকে গেল বাংলাদেশের।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ