১৮১৪ সালের ২৪ আগস্ট। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে চলমান ১৮১২ সালের যুদ্ধে ব্রিটিশ বাহিনী ওয়াশিংটন ডিসিতে প্রবেশ করে। সেদিনই ব্রিটিশ সেনারা মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডে ভবনের ভেতরের প্রায় সবকিছু ধ্বংস হয়ে গেলেও শেষ পর্যন্ত ধ্বংসস্তূপের মধ্য থেকেই আবার উঠে দাঁড়ায় হোয়াইট হাউজ। দুই শতাব্দীরও বেশি সময় পর সেই ভবন আজ […]
১৮১৪ সালের ২৪ আগস্ট। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে চলমান ১৮১২ সালের যুদ্ধে ব্রিটিশ বাহিনী ওয়াশিংটন ডিসিতে প্রবেশ করে। সেদিনই ব্রিটিশ সেনারা মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডে ভবনের ভেতরের প্রায় সবকিছু ধ্বংস হয়ে গেলেও শেষ পর্যন্ত ধ্বংসস্তূপের মধ্য থেকেই আবার উঠে দাঁড়ায় হোয়াইট হাউজ। দুই শতাব্দীরও বেশি সময় পর সেই ভবন আজ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার অন্যতম প্রধান প্রতীক।
১৮১২ সালে ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। আমেরিকান জাহাজ ও নাবিকদের আটক করা এবং ব্রিটেনের সঙ্গে চলমান সামরিক উত্তেজনা ছিল এর অন্যতম কারণ। যুদ্ধের শুরুর দিকে মূলত কানাডা সীমান্ত ও মিসিসিপি নদী উপত্যকাকে ঘিরে লড়াই চললেও ১৮১৪ সালে সংঘাতের কেন্দ্র চলে আসে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে।
এর পেছনে প্রতিশোধের ঘটনাও ছিল। ১৮১৩ সালে কানাডার ইয়র্কে মার্কিন বাহিনীর হামলা ও অগ্নিসংযোগের পর ব্রিটিশদের মধ্যে পাল্টা জবাব দেওয়ার প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়। ১৮১৪ সালের আগস্টে চার হাজারের বেশি ব্রিটিশ সেনা মেরিল্যান্ডে অবতরণ করে এবং ব্লাডেনসবার্গের যুদ্ধে মার্কিন বাহিনীকে পরাজিত করে। এরপর তারা প্রায় প্রতিরোধহীন ওয়াশিংটন ডিসিতে প্রবেশ করে।
তখন ওয়াশিংটন ছিল ছোট ও তুলনামূলকভাবে অনুন্নত একটি শহর। ব্রিটিশ বাহিনী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন ধ্বংস করার পরিকল্পনা নিয়েই সেখানে ঢোকে। প্রেসিডেন্ট জেমস ম্যাডিসন যুদ্ধক্ষেত্র থেকে ফিরে শেষ পর্যন্ত শহর ছেড়ে পালাতে বাধ্য হন।
ব্রিটিশ বাহিনী শহরের দিকে এগিয়ে আসার খবর পেয়ে ফার্স্ট লেডি ডলি ম্যাডিসন হোয়াইট হাউজ ছাড়ার আগে গুরুত্বপূর্ণ নথি ও মূল্যবান সামগ্রী নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জর্জ ওয়াশিংটনের বিখ্যাত পূর্ণদৈর্ঘ্য প্রতিকৃতি, যা এঁকেছিলেন গিলবার্ট স্টুয়ার্ট। সময়ের স্বল্পতার কারণে ছবিটি দেয়াল থেকে নামাতে এর ফ্রেম ভেঙে ক্যানভাসটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়। হোয়াইট হাউজ হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ডলি ম্যাডিসনের নির্দেশে হোয়াইট হাউজের কর্মী ও অন্য কয়েকজন ব্যক্তি ছবিটি আগুনের হাত থেকে রক্ষা করেন।
শুধু ছবিই নয়, গুরুত্বপূর্ণ সরকারি নথি, রুপার সামগ্রী, পর্দা ও অন্যান্য মূল্যবান জিনিসও সরিয়ে নেওয়া হয়েছিল। পরে ওই ছবিটি পুনর্নির্মিত হোয়াইট হাউজে ফিরিয়ে আনা হয় এবং বর্তমানে সেটি ইস্ট রুমে প্রদর্শিত হচ্ছে।
ব্রিটিশ বাহিনী প্রথমে ক্যাপিটল ভবনে আগুন ধরিয়ে দেয়। এতে প্রতিনিধি পরিষদ ও সিনেটের কক্ষসহ লাইব্রেরি অব কংগ্রেসের বিপুলসংখ্যক বই ও নথি ধ্বংস হয়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ভবনের বিভিন্ন পাথরের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এরপর ব্রিটিশ নৌ ও স্থলবাহিনীর সদস্যরা হোয়াইট হাউজে পৌঁছায়। প্রেসিডেন্ট ও তার পরিবার ততক্ষণে ভবন ছেড়ে চলে গিয়েছিলেন। সেখানে তারা প্রস্তুত খাবার দেখতে পায়। সৈন্যদের একটি দল সেই খাবার খাওয়ার পর ভবনের ভেতরের বিভিন্ন কক্ষ তছনছ করে এবং মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এরপর ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। হোয়াইট হাউজের ভেতরের কাঠের মেঝে, আসবাবপত্র, পর্দা ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। শেষ পর্যন্ত ভবনটি বাইরের পাথরের কাঠামো ছাড়া প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়।
২৫ আগস্ট সকালে আগুনে পুড়ে যাওয়া হোয়াইট হাউজকে দেখা যায় একটি কালো হয়ে যাওয়া পাথরের কাঠামো হিসেবে। ভেতরের অধিকাংশ অংশ ধ্বংস হয়ে যায়। ভবনের ভেতরে পড়ে ছিল পুড়ে যাওয়া আসবাবপত্র, কাচ ও অন্যান্য সামগ্রীর ধ্বংসাবশেষ।
ম্যাডিসন দম্পতি আর হোয়াইট হাউজে বসবাস করতে পারেননি। তারা প্রথমে কাছাকাছি অক্টাগন হাউজে আশ্রয় নেন। পরে অন্য একটি বাসভবনে চলে যান। তবে প্রেসিডেন্ট ম্যাডিসনের সিদ্ধান্ত ছিল, রাজধানী অন্যত্র সরিয়ে না নিয়ে ধ্বংস হয়ে যাওয়া সরকারি ভবনগুলো পুনর্নির্মাণ করা হবে।
হোয়াইট হাউজ পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া হয় আইরিশ বংশোদ্ভূত স্থপতি জেমস হোবানকে। তিনিই মূল হোয়াইট হাউজের নকশা করেছিলেন। আগুনে দুর্বল হয়ে যাওয়া পাথরের দেয়াল সরিয়ে প্রয়োজনীয় অংশ নতুন করে নির্মাণ করা হয় এবং ভবনের মূল নকশা ধরে রাখার চেষ্টা করা হয়।
পরবর্তী কয়েক বছর ধরে নির্মাণকাজ চলতে থাকে। ১৮১৭ সালে প্রেসিডেন্ট জেমস মনরো হোয়াইট হাউজে ফিরে এলেও তখনো পুনর্নির্মাণ পুরোপুরি শেষ হয়নি। ১৮১৮ সালের শুরুতে ভবনটি নতুন করে ব্যবহারযোগ্য হয়ে ওঠে এবং জর্জ ওয়াশিংটনের প্রতিকৃতিও আবার সেখানে স্থান পায়।
১৮১৪ সালের আগুনের বহু বছর পর হোয়াইট হাউজে আরও বড় সংস্কার হয়েছে। তবু ভবনের কিছু বেলেপাথরের অংশে আগুনে পোড়া কালো দাগের অস্তিত্ব পাওয়া যায়। এসব দাগকে ১৮১৪ সালের অগ্নিকাণ্ডের স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
হোয়াইট হাউজ হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, আগুনে ভবনের অভ্যন্তরের প্রায় সবকিছু ধ্বংস হলেও কিছু দুর্লভ সামগ্রী টিকে যায়। সেই সামগ্রীগুলোর মাধ্যমে আগুনের আগের হোয়াইট হাউজ এবং সেই সময়কার ইতিহাসের কিছু অংশ আজও জানা যায়।
১৮১৪ সালের সেই ঘটনার সঙ্গে আজকের যুক্তরাষ্ট্র-ব্রিটেন সম্পর্কের পার্থক্যও বিস্ময়কর। যে ব্রিটিশ বাহিনী একসময় হোয়াইট হাউজে আগুন ধরিয়েছিল, সেই ব্রিটেন এখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম।
দুই দেশের দীর্ঘ রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে বহু উত্থান-পতন থাকলেও ১৮১৪ সালের সেই আগুন এখন দুই দেশের সম্পর্কের বর্তমান বাস্তবতার বিপরীত এক ঐতিহাসিক স্মৃতি। আর হোয়াইট হাউজের পুনর্নির্মাণ যেন সেই ইতিহাসেরই প্রতীক—ধ্বংসের পরও একটি রাষ্ট্র তার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে আবার দাঁড় করাতে পারে।
দুই শতাব্দীরও বেশি সময় পরও হোয়াইট হাউজে সেই আগুনের স্মৃতি রয়ে গেছে। আর সেই স্মৃতিই মনে করিয়ে দেয়, একসময় যুদ্ধের শত্রু হিসেবে যারা রাজধানী পুড়িয়ে দিয়েছিল, ইতিহাসের পথ বদলে তারাই পরে হয়ে উঠেছে ঘনিষ্ঠ মিত্র।
সূত্র: ইউএসএ টুডে, হোয়াইট হাউজ হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশন