নিউইয়র্ক সিটির ভাড়াটিয়াদের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দিয়েছে রেন্ট গাইডলাইনস বোর্ড। সংস্থাটি জানিয়েছে, লিজ নবায়নের সময় মাসিক ভাড়া বাড়লে বাড়িওয়ালা আইন অনুযায়ী সিকিউরিটি ডিপোজিটও বাড়ানোর দাবি করতে পারেন। ভাড়াটিয়া দীর্ঘদিন ধরে একই বাসায় থাকলেও এ বিধান প্রযোজ্য। নিউইয়র্ক স্টেট হোমস অ্যান্ড কমিউনিটি রিনিউয়ালের (HCR) নিয়ম অনুযায়ী, সিকিউরিটি ডিপোজিট সর্বোচ্চ এক মাসের ভাড়ার সমপরিমাণ হতে পারে। […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির ভাড়াটিয়াদের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দিয়েছে রেন্ট গাইডলাইনস বোর্ড। সংস্থাটি জানিয়েছে, লিজ নবায়নের সময় মাসিক ভাড়া বাড়লে বাড়িওয়ালা আইন অনুযায়ী সিকিউরিটি ডিপোজিটও বাড়ানোর দাবি করতে পারেন। ভাড়াটিয়া দীর্ঘদিন ধরে একই বাসায় থাকলেও এ বিধান প্রযোজ্য।
নিউইয়র্ক স্টেট হোমস অ্যান্ড কমিউনিটি রিনিউয়ালের (HCR) নিয়ম অনুযায়ী, সিকিউরিটি ডিপোজিট সর্বোচ্চ এক মাসের ভাড়ার সমপরিমাণ হতে পারে। ফলে নতুন লিজে ভাড়া বৃদ্ধি পেলে বাড়িওয়ালা সেই নতুন ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে অতিরিক্ত ডিপোজিট চাইতে পারবেন।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো ভাড়াটিয়া বিশেষ কোনো কর্মসূচির আওতায় ভাড়া বৃদ্ধি থেকে অব্যাহতি পেলেও, নির্দিষ্ট পরিস্থিতিতে বাড়িওয়ালা সিকিউরিটি ডিপোজিট সমন্বয়ের দাবি করতে পারেন।
আইন অনুযায়ী, সিকিউরিটি ডিপোজিট বাড়িওয়ালা নিজের কাছে রাখতে পারবেন না। অর্থটি নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি সুদযুক্ত ব্যাংক হিসাবে সংরক্ষণ করতে হবে। সেই ব্যাংক হিসাবের তথ্য ভাড়াটিয়াকে জানাতে হবে এবং জমা অর্থের সুদের বিষয়েও ভাড়াটিয়ার অধিকার রয়েছে।
ভাড়াটিয়া বাসা ছাড়ার পর ১৪ দিনের মধ্যে বাড়িওয়ালাকে লিখিতভাবে জানাতে হবে, ডিপোজিটের কত টাকা মেরামত বা অন্যান্য বৈধ খাতে ব্যয় হয়েছে। কোনো অর্থ অবশিষ্ট থাকলে একই ১৪ দিনের মধ্যে তা ফেরত দিতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত হিসাব না দিলে বাড়িওয়ালা সিকিউরিটি ডিপোজিটের কোনো অংশ কেটে রাখার অধিকার হারাতে পারেন।
সিকিউরিটি ডিপোজিট নিয়ে বিরোধ দেখা দিলে ভাড়াটিয়ারা নিউইয়র্কের স্মল ক্লেইমস কোর্ট অথবা নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেলের কনজিউমার ফ্রডস অ্যান্ড প্রোটেকশন ব্যুরোতে অভিযোগ করতে পারবেন।