গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে থাকবেন কি না—এ সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জয়শঙ্কর বলেন, ‘তিনি (শেখ হাসিনা) একটি বিশেষ পরিস্থিতিতে […]
গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে থাকবেন কি না—এ সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জয়শঙ্কর বলেন, ‘তিনি (শেখ হাসিনা) একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন। সেই পরিস্থিতিই তার ওপর প্রভাব ফেলেছে। তবে শেষ পর্যন্ত কোথায় থাকবেন, সেই সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে।’
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। আন্দোলন দমনে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন। পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাঁকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও এখনো কোনো সাড়া দেয়নি নয়াদিল্লি।
দ্বিপক্ষীয় সম্পর্ক সম্পর্কে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে দেশটির অভ্যন্তরে দীর্ঘদিনের অসন্তোষ ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি মূল সমস্যা নির্বাচন হয়, তবে প্রথম কাজ হবে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ভারত চায় বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া কার্যকর হোক। ‘গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়’, উল্লেখ করেন তিনি।
জয়শঙ্কর আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক ফলাফলই আসুক না কেন, তা বাংলাদেশ–ভারত সম্পর্ককে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব অবস্থানে নিয়ে যাবে।