যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর কাছে গোলাগুলির পর কয়েক ঘণ্টার জন্য পুরো ক্যাম্পাস লকডাউন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় একাধিক সন্দেহভাজন জড়িত থাকতে পারে। চেস্টারফিল্ড কাউন্টি পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাত দেড়টার দিকে বোয়াসো স্ট্রিটের ৩৩০০ ব্লকে গোলাগুলির খবর […]
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর কাছে গোলাগুলির পর কয়েক ঘণ্টার জন্য পুরো ক্যাম্পাস লকডাউন করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় একাধিক সন্দেহভাজন জড়িত থাকতে পারে।
চেস্টারফিল্ড কাউন্টি পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাত দেড়টার দিকে বোয়াসো স্ট্রিটের ৩৩০০ ব্লকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বাইরে গুলিবিদ্ধ পাঁচজনকে উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আহত চারজনের অবস্থা গুরুতর নয়। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কোয়াড অ্যানেক্সেস এলাকার কাছে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পর শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীদের নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়।
কয়েক ঘণ্টা পর শনিবার সকালে ক্যাম্পাসের লকডাউন তুলে নেওয়া হয়। তবে তদন্তের স্বার্থে ক্যাম্পাসে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।
চেস্টারফিল্ড কাউন্টি পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পুলিশ, যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ব্যুরো (এটিএফ) এবং হ্যানোভার কাউন্টি শেরিফের কার্যালয় তদন্তে সহায়তা করছে।
শনিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের ঘোষণা দেয়নি পুলিশ। হামলার কারণ এবং সন্দেহভাজনদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। তদন্তকারীরা প্রত্যক্ষদর্শী এবং ঘটনার বিষয়ে তথ্য থাকা ব্যক্তিদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
গোলাগুলির ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি সময়ে ঘটেছে। ফল সেমিস্টারের ক্লাস শুরুর মাত্র দুই দিন আগে এ ঘটনা ঘটে। সোমবার থেকে নতুন সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোসহ বিভিন্ন কার্যক্রম চলছিল।
ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের উচ্চশিক্ষার জন্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ভার্জিনিয়ার এট্রিক এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি রিচমন্ড শহর থেকে প্রায় ২০ মাইল দক্ষিণে।
গোলাগুলির পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থী ও কর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।