ভিজিটর বা পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার বা সেগুলোর ওপর অযৌক্তিকভাবে নির্ভরশীল হয়ে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৭ জুন) সকালে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা […]
ছবি: সংগৃহীত
ভিজিটর বা পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার বা সেগুলোর ওপর অযৌক্তিকভাবে নির্ভরশীল হয়ে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৭ জুন) সকালে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি দর্শনার্থী যদি দেশটির সাধারণ করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধা বা সামাজিক সহায়তা ব্যবস্থার অপব্যবহার করেন, তাহলে তার জন্য গুরুতর পরিণতি অপেক্ষা করতে পারে।
বিশেষ করে অনভিবাসী বা নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের ক্ষেত্রে এ ধরনের অপব্যবহার প্রমাণিত হলে তাদের বিদ্যমান মার্কিন ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল করা হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।
শুধু বর্তমান ভিসা বাতিলই নয়, ভবিষ্যতে নতুন করে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে। ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, শিক্ষা, ব্যবসা কিংবা অন্য কোনো উদ্দেশ্যে প্রবেশের সুযোগও সীমিত হয়ে যেতে পারে।
সতর্কবার্তায় নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের উদ্দেশে বিশেষভাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রত্যেক ভ্রমণকারীকে নিজের ব্যয়ভার নিজেকেই বহন করার সক্ষমতা থাকতে হবে।
সরকারি সহায়তা বা কল্যাণমূলক কর্মসূচির ওপর নির্ভর না করে, ব্যক্তিগত আর্থিক সামর্থ্য ও প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করেই যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।
দূতাবাসের মতে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের উদ্দেশ্য সাময়িক হওয়ায় ভিজিটর ভিসাধারীদের নিজেদের আবাসন, চিকিৎসা, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের জন্য আগাম প্রস্তুত থাকা জরুরি।
সাম্প্রতিক এই সতর্কবার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার পুনরায় স্পষ্ট করেছে যে, ভ্রমণ ভিসার শর্তাবলি মেনে চলা এবং সরকারি সুবিধার অপব্যবহার থেকে বিরত থাকা প্রত্যেক বিদেশি দর্শনার্থীর দায়িত্ব।
মার্কিন কর্তৃপক্ষের এই বার্তা বিশেষভাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা পর্যটন, ব্যবসা, চিকিৎসা বা স্বল্পমেয়াদি ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন।
দূতাবাস ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ভ্রমণের আগে নিজেদের আর্থিক সক্ষমতা যাচাই করে এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের পুরো সময়ের ব্যয় নির্বাহের প্রস্তুতি নিয়েই সফরে যান, যাতে ভবিষ্যতে কোনো ধরনের আইনগত জটিলতা বা ভিসা-সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে না হয়।