জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনের দিন কোনো ধরনের চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা ভোট কারচুপিতে জড়িত ব্যক্তিকে ভোটকেন্দ্রে অবস্থান করতে দেওয়া হবে না। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী ও দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর পক্ষে আয়োজিত নির্বাচনি গণমিছিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, […]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনের দিন কোনো ধরনের চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা ভোট কারচুপিতে জড়িত ব্যক্তিকে ভোটকেন্দ্রে অবস্থান করতে দেওয়া হবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী ও দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর পক্ষে আয়োজিত নির্বাচনি গণমিছিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে ঋণখেলাপি, বিদেশি নাগরিক, চাঁদাবাজ, মাফিয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তিনি অভিযোগ করেন, ওই দলটি জনগণের সমর্থন হারিয়েছে বলেই কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির মাধ্যমে বিজয় নিশ্চিত করার কৌশল নিচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত জনমনে উদ্বেগ তৈরি করেছে। বুথের ভেতরে ভোট কারচুপির সুযোগ সৃষ্টি করতে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে জনচাপের মুখে কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় সন্তোষ প্রকাশ করেন আসিফ মাহমুদ।
এ সময় তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।