রাশিয়ার রাজধানী মস্কোয় কয়েক বছরের মধ্যে অন্যতম বৃহৎ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাতে সংঘটিত এই হামলার ফলে শহরের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয় এবং রাজধানীর প্রধান বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। রুশ কর্মকর্তাদের দাবি, হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। এছাড়া একটি শপিং […]
রাশিয়ার রাজধানী মস্কোয় কয়েক বছরের মধ্যে অন্যতম বৃহৎ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাতে সংঘটিত এই হামলার ফলে শহরের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয় এবং রাজধানীর প্রধান বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
রুশ কর্মকর্তাদের দাবি, হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। এছাড়া একটি শপিং মল ও কয়েকটি আবাসিক ভবনে আগুন লেগেছে। হামলার পর মস্কোর দক্ষিণাঞ্চলের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের পর আকাশ থেকে কালো ছাই ও ধোঁয়ামিশ্রিত কণা ঝরে পড়তে দেখা গেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন কাজান শহরে দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছিলেন, ঠিক সেই সময় এই ড্রোন হামলা চালানো হয়। মস্কো থেকে প্রায় ৭০০ কিলোমিটার পূর্বে অবস্থিত কাজানে অনুষ্ঠিত ওই সম্মেলনে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে বিভিন্ন বৈঠক করলেও হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি পুতিন।
তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মস্কো এই ঘটনার উপযুক্ত জবাব দেবে। তিনি জানান, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান আরও জোরদার করা হবে এবং হামলার প্রতিশোধ নেওয়া হবে।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘ন্যায্য প্রতিক্রিয়া’ বলে উল্লেখ করেছেন। তার দাবি, সম্প্রতি কিয়েভে রাশিয়ার প্রাণঘাতী হামলায় একটি ঐতিহাসিক ক্যাথেড্রাল এবং ইউনেস্কো স্বীকৃত ১১ শতকের একটি মঠ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ঘটনার জবাব হিসেবেই এই ড্রোন হামলা চালানো হয়েছে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার সাধারণ জনগণের বোঝা উচিত যে এই যুদ্ধের দায় তাদের নয়, বরং প্রেসিডেন্ট পুতিনের। তিনি বলেন, “রাশিয়ার মানুষকে বুঝতে হবে, একজন মানুষের সিদ্ধান্তের মূল্য পুরো দেশকে দিতে হচ্ছে। ইউক্রেন যদি পুড়ে, তাহলে মস্কোও নিরাপদ থাকবে না।”
হামলার কারণে মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়। শত শত ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়। রাশিয়ার সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর শেরেমিয়েতেভো কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলার সময় যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর স্থানীয় সময় সকাল ১১টার দিকে বিমানবন্দরটির কার্যক্রম পুনরায় চালু করা হয়।
মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের কাপোতনিয়া এলাকায় অবস্থিত তেল শোধনাগারটি হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, কয়েকটি ড্রোন শোধনাগার এলাকায় পৌঁছাতে সক্ষম হয়। যদিও তিনি ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেননি, তবে নিরাপত্তার স্বার্থে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শোধনাগারের কাছে বসবাসকারী কনস্ট্যান্টিন নামের এক ব্যক্তি এএফপিকে বলেন, জীবনে প্রথমবারের মতো এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। আর ভ্যালেন্টিনা নামের ২৯ বছর বয়সী এক নারী জানান, বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায় তার। মেয়েকে নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় তিনি বলেন, “এটি সত্যিই খুব ভয়ঙ্কর ছিল।”
হামলার সময় একটি ড্রোন আবাসিক ভবনের ওপর আছড়ে পড়ে। এছাড়া ড্রোনের ধ্বংসাবশেষ থেকে রাজধানীর উপকণ্ঠে একটি শপিং মলে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে বহুতল ভবনের ওপরের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু ভিডিওতে আতঙ্কিত মানুষের চিৎকারও শোনা গেছে।
মস্কোর মেয়র জানিয়েছেন, রাজধানীর দিকে ধেয়ে আসা প্রায় ১৮০টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। একই সময়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সারা দেশে রাতভর ৫০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষ করে তেল শোধনাগার, জ্বালানি স্থাপনা এবং সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে চাপের মুখে ফেলতেই এসব স্থাপনায় হামলা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, এটি চলতি সপ্তাহে মস্কোর তেল শোধনাগারে দ্বিতীয় ইউক্রেনীয় হামলা। ফলে রাজধানীর জ্বালানি নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এদিকে দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে কূটনৈতিক উদ্যোগ প্রায় স্থবির হয়ে রয়েছে। হামলার পর জেলেনস্কি আবারও যুদ্ধ বন্ধে আলোচনার আহ্বান জানিয়ে বলেন, “এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে। রাশিয়াকে কূটনৈতিক সমাধানের পথে আসতে হবে।”
তবে একই সময়ে ইউক্রেনও রাশিয়ার পাল্টা হামলার মুখে রয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ২০০টিরও বেশি ড্রোন এবং একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ফলে যুদ্ধক্ষেত্রের পাশাপাশি দুই দেশের অভ্যন্তরেও সংঘাতের তীব্রতা বাড়ছে। সর্বশেষ এই হামলা-পাল্টা হামলা প্রমাণ করছে, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।
সূত্র: এএফপি