পবিত্র মহররম উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বাসভবনে ধর্মীয় আয়োজন, দোয়া মাহফিল এবং নেওয়াজ (শিরনি) বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় এই আয়োজনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি, তরিকতপন্থি অনুসারী এবং আশপাশের এলাকার বাসিন্দারা অংশ নেন। তবে রাজনৈতিক অঙ্গনের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে সীমিত […]
ছবি: সংগৃহীত
পবিত্র মহররম উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বাসভবনে ধর্মীয় আয়োজন, দোয়া মাহফিল এবং নেওয়াজ (শিরনি) বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় এই আয়োজনের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি, তরিকতপন্থি অনুসারী এবং আশপাশের এলাকার বাসিন্দারা অংশ নেন। তবে রাজনৈতিক অঙ্গনের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে সীমিত এবং আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি।
সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতার কারণে এবারের আয়োজনে রাজনৈতিক অংশগ্রহণ আগের তুলনায় কম ছিল।
সন্ধ্যার পর আইভীর বাসভবন প্রাঙ্গণে অবস্থিত খানকা শরিফে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ধর্মীয় বয়ানের আয়োজন করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে নেওয়াজ বিতরণ করা হয়।
একই সময়ে বাসভবনের সামনের এলাকায় শিশু-কিশোরদের মহররমের ঐতিহ্যবাহী রণ-বাজনা পরিবেশন করতে দেখা যায়। পাশাপাশি তাজিয়া প্রস্তুতির কাজও চলছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা খেলাঘরের সভাপতি ইসলাম জহির, সাংস্কৃতিক সংগঠক জিয়াউল ইসলাম কাজল এবং সাংস্কৃতিক কর্মী ফারুক মহসিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাতের দিকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল আইভীর বাসভবনের সামনের সড়ক অতিক্রম করে। এ সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তাজনিত কারণে বাসভবনের প্রধান ফটক সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ডা. সেলিনা হায়াত আইভীর পরিবার দীর্ঘদিন ধরে মহররম মাস উপলক্ষে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন করে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন।