বরিশালে ইয়াবাসহ আটক এক ব্যক্তির গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি প্রকাশের ঘটনায় সমালোচনার মুখে পড়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। ঘটনার সঙ্গে জড়িত এক পুলিশ কর্মকর্তাকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে। সোমবার বরিশাল নগরীর পলাশপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে রাসেল হাওলাদার নামের এক ব্যক্তিকে ৮০০ পিস […]
ছবি: সংগৃহীত
বরিশালে ইয়াবাসহ আটক এক ব্যক্তির গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি প্রকাশের ঘটনায় সমালোচনার মুখে পড়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। ঘটনার সঙ্গে জড়িত এক পুলিশ কর্মকর্তাকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে।
সোমবার বরিশাল নগরীর পলাশপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে রাসেল হাওলাদার নামের এক ব্যক্তিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করে কাউনিয়া থানা-পুলিশ। আটকের সময় তার গায়ে ছিল আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি।
পরে ইয়াবার চালান সামনে রেখে আটক ব্যক্তির ছবি তোলা হয় এবং তা বিএমপির মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমে সরবরাহ করা হয়। তবে কিছু সময়ের মধ্যেই অভিযোগ ওঠে, ছবিতে থাকা আর্জেন্টিনার জার্সি পরিবর্তন করে এআই প্রযুক্তির সাহায্যে সেখানে ব্রাজিল দলের জার্সি বসানো হয়েছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ স্বীকার করেন, আটক ব্যক্তির গায়ে মূলত আর্জেন্টিনার জার্সিই ছিল এবং সেটি পরিবর্তন করে অন্য ছবি তৈরি করা হয়েছিল।
তিনি জানান, মিডিয়া সেলের দায়িত্বে থাকা এক কর্মকর্তা এআই ব্যবহার করে ছবিটি সম্পাদনা করেন এবং সেটি গণমাধ্যমে পাঠান। প্রাথমিকভাবে ওই কর্মকর্তা দাবি করেছেন, তিনি বিষয়টি মজার ছলে বা দুষ্টুমি করে করেছিলেন।
অভিযুক্ত কর্মকর্তা তানজিল আহমেদ বর্তমানে বিএমপির মিডিয়া সেলের উপ-পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার ব্যাখ্যা সন্তোষজনক না হলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির ছবি প্রথমে আর্জেন্টিনার জার্সি উল্টো করে পরিয়ে তোলা হয়েছিল। পরে সেই ছবিটি সরিয়ে ফেলে নতুন করে সম্পাদিত ছবি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়, যেখানে তার গায়ে ব্রাজিল দলের জার্সি দেখা যায়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত চন্দ্র নাথও জানিয়েছেন, আটক ব্যক্তির গায়ে শুরু থেকেই আর্জেন্টিনার জার্সি ছিল। পরবর্তীতে মিডিয়া সেল থেকে পরিবর্তিত ছবি প্রকাশ করা হয়।
বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বলেন, ছবি যদি প্রকৃত হতো তাহলে সেটি নিয়ে কোনো প্রশ্ন উঠত না। কিন্তু কৃত্রিমভাবে পরিবর্তিত ছবি ব্যবহার করায় বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে। তিনি আরও জানান, অভিযুক্ত কর্মকর্তা তাকে জানিয়েছেন যে চলমান ফুটবল উন্মাদনার প্রেক্ষাপটে তিনি এটি মজার ছলেই করেছিলেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই ধরনের জার্সি পরা একই ব্যক্তির ছবি ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
সূত্র: বিবিসি বাংলা