সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৩৩ অপরাহ্ন, ৬ মার্চ ২০২৬

মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: হাসনাত আবদুল্লাহ

এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, তৃণমূল পর্যায়ে মানুষের প্রত্যাশিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এ জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শুক্রবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং স্বাস্থ্য কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ […]

মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, তৃণমূল পর্যায়ে মানুষের প্রত্যাশিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এ জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শুক্রবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং স্বাস্থ্য কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ জানান, দীর্ঘ ১৭ বছর পর স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ সালে সর্বশেষ এ সভা হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সভা এবং এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে নিয়মিতভাবে এই সভা আয়োজন করা হবে।

তিনি বলেন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অবকাঠামোগত ও যান্ত্রিক সমস্যা রয়েছে। হাসপাতালের ইসিজি মেশিন, ডিজিটাল এক্স-রে সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জামের সীমাবদ্ধতা রয়েছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুত এসব যন্ত্রপাতি সংগ্রহের চেষ্টা চলছে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, হাসপাতালটি ৫০ শয্যার হলেও প্রতিদিন শতাধিক রোগী ভর্তি থাকেন। এখানে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। গত ফেব্রুয়ারি মাসেই প্রায় ১৫ হাজার রোগীকে সেবা দেওয়া হয়েছে।

তিনি জানান, হাসপাতালে চিকিৎসকেরও সংকট রয়েছে। জুনিয়র কনসালটেন্ট থাকার কথা ১০ জন, কিন্তু বর্তমানে আছেন ৯ জন। এর মধ্যে চারজন অন্য বিভাগে সংযুক্ত থাকায় কার্যত পাঁচজন চিকিৎসক দিয়ে পুরো কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

সংসদ সদস্য বলেন, চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ দিয়ে ভালো সেবা নিশ্চিত করা সম্ভব নয়। একজন চিকিৎসককে প্রতিদিন দুই শতাধিক রোগী দেখতে হচ্ছে, যা বাস্তবসম্মত নয়। এছাড়া চিকিৎসকদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধাও নেই। তাদের জন্য পর্যাপ্ত বাথরুম কিংবা আবাসন ব্যবস্থাও নেই।

তিনি বলেন, দেবিদ্বারে চিকিৎসকদের কোনো আবাসিক সুবিধা নেই। চিকিৎসকদের কাজের পরিবেশ উন্নত না করলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব নয়। তাই চিকিৎসকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

হাসনাত আবদুল্লাহ জানান, হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থাও দুর্বল। পুরো হাসপাতালে মাত্র দুইজন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন, যেখানে অন্তত পাঁচজন প্রয়োজন। এ বিষয়েও জনবল বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, কিছু অভিযোগ এসেছে যে চিকিৎসকরা সময়মতো হাসপাতালে উপস্থিত হন না এবং বেসরকারি হাসপাতালে বেশি সময় দেন। এ বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তারা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত হাসপাতালে থাকবেন।

তিনি জানান, আগামী রোববার আরও দুইজন নতুন চিকিৎসক হাসপাতালে যোগ দেবেন। এছাড়া হাসপাতালের ভবন পুনর্নির্মাণ করে চারতলা করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের জন্য প্রায় ছয় কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে, যা ২০২৯ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস ছালাম খান, আরএমও কবির হোসেনসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ