সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১২:৫৫ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড নেটওয়ার্কে সাইবার হামলা, ঝুঁকিতে সামরিক ও সংবেদনশীল তথ্য

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে সামরিক বাহিনীর বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে সামরিক কৌশল, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত বিবরণ, বেতন-ভাতা, রসদ সরবরাহ এবং সামরিক সরঞ্জাম ব্যবস্থাপনা-সংক্রান্ত নথি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি হামলার তথ্য জানিয়েছেন। তাঁদের […]

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড নেটওয়ার্কে সাইবার হামলা, ঝুঁকিতে সামরিক ও সংবেদনশীল তথ্য

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে সামরিক বাহিনীর বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে সামরিক কৌশল, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত বিবরণ, বেতন-ভাতা, রসদ সরবরাহ এবং সামরিক সরঞ্জাম ব্যবস্থাপনা-সংক্রান্ত নথি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি হামলার তথ্য জানিয়েছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, গত এক মাসের মধ্যে প্ল্যাটফর্মটির আধুনিকায়নের কাজ চলার সময় সাইবার অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। এরপর থেকে ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

তবে কারা এই হামলা চালিয়েছে, প্ল্যাটফর্মটির কতটা ক্ষতি হয়েছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

এ বিষয়ে রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানায়, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা ব্যবস্থার নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও সামরিক সক্ষমতা সুরক্ষিত রাখতে নিয়মিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চার প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্লাউড সেবা এক প্ল্যাটফর্মে

২০১৭ সালে চালু হওয়া ‘ক্লাউড ওয়ান’কে মার্কিন বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনার কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চার প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্লাউড সেবা একত্র করে প্ল্যাটফর্মটি পরিচালিত হয়।

এতে সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য অসংখ্য অ্যাপ্লিকেশন রয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের তথ্য সংরক্ষণ, বেতন-ভাতা ব্যবস্থাপনা, রসদ সরবরাহ এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণসহ নানা কার্যক্রম পরিচালিত হয় এর মাধ্যমে।

ক্লাউড ওয়ানের আওতায় থাকা গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোর একটি হলো ‘ক্লাউডভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল’। উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ বিভিন্ন উৎসের তথ্য একত্র করে এই ব্যবস্থা।

এ ছাড়া রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’। বিশ্বের ২০০টিরও বেশি মার্কিন বিমানবাহিনীর স্থাপনায় থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব এবং অবস্থান পর্যবেক্ষণে এটি ব্যবহার করা হয়।

সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাতে রয়টার্স জানিয়েছে, ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। তাঁদের একজন বলেন, এ ধরনের প্ল্যাটফর্মে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা অত্যন্ত গুরুতর।

২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএআইসি। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে এসএআইসি কোনো সাড়া দেয়নি। অন্যদিকে, লেইডোস প্রশ্নগুলো মার্কিন বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।

তদন্তের দায়িত্বে সাইবার কমান্ড

হামলার ক্ষয়ক্ষতি নিরূপণে মার্কিন সামরিক বাহিনীর সাইবার প্রতিরক্ষা ইউনিট ‘সাইবার কমান্ড’কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন ব্যক্তি। তবে এ বিষয়ে রয়টার্সের পাঠানো প্রশ্নের জবাব দেয়নি সাইবার কমান্ড।

হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানের কার্যক্রমে একাধিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট তিন ব্যক্তির বরাতে রয়টার্স জানিয়েছে, সামরিক বাহিনীর প্রশাসনিক ও দাপ্তরিক অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের দীর্ঘদিনের পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে।

এ ছাড়া আগে থেকেই প্ল্যাটফর্মটিতে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে একাধিক গুরুতর সফটওয়্যার দুর্বলতা প্রকাশিত হওয়ার পরও বিমানবাহিনীর কর্মীরা প্রয়োজনীয় নিরাপত্তা ত্রুটি সংশোধন করতে পারছেন না।

সংশ্লিষ্ট পঞ্চম এক ব্যক্তি জানিয়েছেন, প্ল্যাটফর্মটির কিছু ব্যবহারকারীর প্রশাসনিক পর্যায়ের প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে।

রয়টার্সের সঙ্গে কথা বলা পাঁচ ব্যক্তিই নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।

নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশের অভিযোগ

সংশ্লিষ্ট একজনের দাবি, হ্যাকাররা একটি সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে ক্লাউড ওয়ানের ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করেছিল। এই নিয়ন্ত্রণব্যবস্থাকে তিনি একটি সার্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন।

তাঁর ব্যাখ্যা অনুযায়ী, এই স্তরে প্রবেশাধিকার পেলে তাত্ত্বিকভাবে হ্যাকাররা সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করতে পারে। তবে এবারের হামলায় অনুপ্রবেশকারীরা বাস্তবে এসব তথ্য দেখতে পেরেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

হ্যাকাররা ঠিক কোন সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়েছে, সেটিও শনাক্ত করতে পারেনি রয়টার্স।

যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সাইবার হামলার মধ্যে নতুন ঘটনা

ক্লাউড ওয়ানে হামলার খবর এমন এক সময়ে সামনে এল, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, এআই মডেল ব্যবহার করে বিস্তৃত নেটওয়ার্কের বিভিন্ন দুর্বলতা দ্রুত শনাক্ত করা সম্ভব।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র সরকার অন্তত ছয়টি সাম্প্রতিক সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা মোকাবিলা করছে। এসব ঘটনার মধ্যে রয়েছে এফবিআইয়ের দুটি সাইবার নিরাপত্তা লঙ্ঘন, পেন্টাগনের তথ্যভান্ডারে আগের একটি হামলা, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি তথ্য ফাঁসের ঘটনা এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা।

তবে ক্লাউড ওয়ান হ্যাকারদের নজরে নতুন নয়। ২০২৩ সালে অনলাইন প্রকাশনা ‘ফেডস্কুপ’-এ প্রকাশিত এক নিবন্ধে প্ল্যাটফর্মটির দায়িত্বশীল কর্মকর্তারা দাবি করেছিলেন, তাঁদের সিস্টেমে অসংখ্যবার অনুপ্রবেশের চেষ্টা হলেও প্রতিবারই তা প্রতিহত করা হয়েছে। তাঁরা একে ‘১০০ শতাংশ সফলতার হার’ হিসেবে উল্লেখ করেছিলেন।

ওই নিবন্ধে ক্লাউড ওয়ানের কর্মকর্তারা লিখেছিলেন, ‘নিরাপত্তার প্রশ্নে ভুল করার কোনো সুযোগ নেই।’ এবার সেই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মেই সাইবার হামলার ঘটনা মার্কিন সামরিক তথ্য ও প্রযুক্তিগত অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

তথ্যসূত্র: রয়টার্স

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ