থ্যাংকসগিভিং ছুটির মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলজুড়ে শক্তিশালী ঝড়, ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও উপকূলীয় বন্যায় ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। ঝোড়ো হাওয়ায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঝড়ের সর্বোচ্চ পর্যায়ে প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। ব্যাহত হয় বিমান চলাচলও। নিউইয়র্ক ও নিউ জার্সির কিছু এলাকায় জরুরি অবস্থা জারি […]
ছবি: সংগৃহীত
থ্যাংকসগিভিং ছুটির মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলজুড়ে শক্তিশালী ঝড়, ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও উপকূলীয় বন্যায় ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। ঝোড়ো হাওয়ায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঝড়ের সর্বোচ্চ পর্যায়ে প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। ব্যাহত হয় বিমান চলাচলও। নিউইয়র্ক ও নিউ জার্সির কিছু এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সিবিএস নিউজ ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে তখনো ৪ লাখ ৪০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। এর মধ্যে পেনসিলভানিয়ায় ১ লাখ ৯ হাজারের বেশি, নিউ জার্সিতে ৬৮ হাজারের বেশি এবং মেরিল্যান্ডে ৫৪ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। বৃহস্পতিবার রাতে ঝড়ের তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে বিদ্যুৎহীন গ্রাহকের সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে যায়।
বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন
থ্যাংকসগিভিং ছুটিতে যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত ভ্রমণ সময়ে ঝড়ের কারণে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যে যাওয়া-আসার ৪৬০টির বেশি ফ্লাইট বাতিল হয়। শুক্রবার বিকেল পর্যন্ত আরও ১৩৭টি ফ্লাইট বাতিল এবং ২ হাজার ২৮৬টি ফ্লাইট বিলম্বিত হয়।
ওয়াশিংটন ও নিউইয়র্ক অঞ্চলের বিমানবন্দরগুলোতে ঝড়ের প্রভাব পড়েছে। নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫৬ মাইল রেকর্ড করা হয়। ঝড়ের কারণে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভ্রমণসূচি পরিবর্তনের মুখে পড়তে হয়েছে।
নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা
প্রবল বৃষ্টি, দমকা বাতাস ও উপকূলীয় বন্যার আশঙ্কায় নিউ জার্সির পুরো রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর মাইকি শেরিল। নিউইয়র্কের কিছু এলাকাতেও জরুরি অবস্থা জারি করেন গভর্নর ক্যাথি হোকুল।
নিউইয়র্ক সিটিতে থ্যাংকসগিভিংয়ের দিন ১ দশমিক ৫ থেকে ২ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কোনো কোনো এলাকায় বৃষ্টির পরিমাণ ৩ ইঞ্চি পর্যন্ত পৌঁছায়। উচ্চ জোয়ারের সঙ্গে ঝড়ের প্রভাবে স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডের উপকূলীয় অংশে পানি জমে বন্যার পরিস্থিতি তৈরি হয়।
শহরের মেয়র জোহরান মামদানি জানান, বন্যার পানিতে আটকে পড়া দুটি গাড়ি থেকে দুজনকে উদ্ধার করতে হয়েছে। তিনি বাসিন্দাদের পানিতে ডুবে থাকা রাস্তা দিয়ে হাঁটা, সাইকেল চালানো কিংবা গাড়ি নিয়ে চলাচল না করার পরামর্শ দেন।
সেন্ট্রাল পার্কে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ মাইল ছাড়িয়ে যায়। প্রবল বাতাসে শহরের কয়েকটি অস্থায়ী নির্মাণ কাঠামো ভেঙে পড়লেও এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
১০০ বছরের প্যারেড পিছিয়ে শনিবার
ঝড়ের কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড নির্ধারিত দিনে আয়োজন করা সম্ভব হয়নি। প্যারেডটির শততম আয়োজন বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রবল বাতাসে প্যারেডের বিশাল বেলুনগুলো নিয়ন্ত্রণ করা এবং দর্শক-অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে—এমন আশঙ্কায় আয়োজক ম্যাসিস ও নগর কর্তৃপক্ষ সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। প্যারেডের ইতিহাসে আবহাওয়ার কারণে এই প্রথম আয়োজনটি অন্য দিনে সরিয়ে নেওয়া হলো। তবে অনুষ্ঠানটি বাতিল করা হয়নি।
উপকূলীয় এলাকায় বন্যা, সড়কে আটকে যানবাহন
উত্তর ক্যারোলাইনা থেকে নিউ জার্সি পর্যন্ত পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস আঘাত হানে। উপকূলীয় অঞ্চলে উচ্চ জোয়ারের সঙ্গে ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। নিউ জার্সির কেপ মে এলাকায় জলোচ্ছ্বাসের পানি আগের রেকর্ডও ছাড়িয়ে যায় বলে আবহাওয়াবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে।
ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়ক প্লাবিত হওয়ায় গাড়ি আটকে পড়ে। ভার্জিনিয়ার নরফোকসহ কয়েকটি এলাকায় পানিবন্দি যানবাহন থেকে মানুষকে উদ্ধার করতে জরুরি বিভাগের কর্মীদের কাজ করতে হয়। উত্তর ক্যারোলাইনার কিছু সড়কও বন্যার কারণে বন্ধ রাখতে হয়েছে।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ মাইল ছাড়িয়েছে। নিউ জার্সির সিসাইড পার্কে ঘণ্টায় ৭০ মাইল এবং মেরিল্যান্ডের ওশান সিটিতে ৬৭ মাইল বেগে বাতাসের ঝাপটা রেকর্ড করা হয়েছে। এসব বাতাসে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
থ্যাংকসগিভিংয়ের ছুটিতে ভ্রমণ, পারিবারিক আয়োজন ও জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে এই ঝড়। বিদ্যুৎ পুনরুদ্ধার এবং সড়ক ও বিমান চলাচল স্বাভাবিক করতে বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট কর্মীরা কাজ করছেন।
তথ্যসূত্র: রয়টার্স, সিবিএস নিউজ/অ্যাসোসিয়েটেড প্রেস ও দ্য ওয়েদার চ্যানেল