যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনস্থ সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করার ক্ষমতা বহাল রেখেছে এবং কার্যত তা আরও শক্তিশালী করেছে। তবে একই সঙ্গে আদালত পৃথক এক সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) স্বাধীনতা সুরক্ষিত থাকবে বলেও স্পষ্ট করেছে। ৬-৩ ভোটের সংখ্যাগরিষ্ঠ রায়ে আদালতের রক্ষণশীল বিচারপতিরা ডেমোক্র্যাটিক ফেডারেল ট্রেড কমিশনার রেবেকা স্লটারের করা […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনস্থ সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করার ক্ষমতা বহাল রেখেছে এবং কার্যত তা আরও শক্তিশালী করেছে। তবে একই সঙ্গে আদালত পৃথক এক সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) স্বাধীনতা সুরক্ষিত থাকবে বলেও স্পষ্ট করেছে।
৬-৩ ভোটের সংখ্যাগরিষ্ঠ রায়ে আদালতের রক্ষণশীল বিচারপতিরা ডেমোক্র্যাটিক ফেডারেল ট্রেড কমিশনার রেবেকা স্লটারের করা আপিল খারিজ করে দেন। আদালত রায়ে বলেন, অধীনস্থ নির্বাহী কর্মকর্তাদের চাকরি থেকে অপসারণের ক্ষেত্রে প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা রয়েছে।
এই সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনা এবং গুরুত্বপূর্ণ সরকারি পদে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগের উদ্যোগের প্রেক্ষাপটে রায়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প একে ‘ঐতিহাসিক’ আখ্যা দেন।
অন্যদিকে, ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে ঘিরে পৃথক একটি মামলায় আদালত ৫-৪ ভোটে ভিন্ন অবস্থান গ্রহণ করে। রায়ে বলা হয়, প্রেসিডেন্ট যৌক্তিক ও সুনির্দিষ্ট কারণ দেখাতে পারলে ফেডের কোনো গভর্নরকে অপসারণ করতে পারেন, তবে কোনো কারণ ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
আদালত আরও উল্লেখ করে, বিশ্বের বৃহত্তম অর্থনীতির মুদ্রানীতি নির্ধারণকারী প্রতিষ্ঠান হিসেবে ফেডারেল রিজার্ভের কাঠামোগত স্বাধীনতা শুধু বাস্তবে নয়, দৃশ্যমানভাবেও অক্ষুণ্ন থাকা জরুরি।
রায়ে আরও বলা হয়, লিসা কুককে আইন অনুযায়ী প্রাপ্য প্রক্রিয়াগত সুরক্ষা দেওয়া হয়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে যথাযথ জবাব দেওয়ার সুযোগ নিশ্চিত না করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না।
লিসা কুক এক বিবৃতিতে বলেন, এই রায় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে ‘নিশ্চিত ও সুদৃঢ়’ করেছে এবং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত নীতিনির্ধারণের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, সুদের হার কমানোর প্রশ্নে ট্রাম্প অতীতে ফেডের ওপর প্রকাশ্যে চাপ সৃষ্টি করেছিলেন। কুককে অপসারণের প্রচেষ্টা ফেডের ১১১ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: এএফপি