ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে কৃত্রিমভাবে বিজয়ী দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এই অভিযোগ করেন। লাইভ বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, একটি কেন্দ্রে মির্জা আব্বাসের স্ত্রী সরাসরি উপস্থিত থেকে ভোট […]
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে কৃত্রিমভাবে বিজয়ী দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এই অভিযোগ করেন।
লাইভ বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, একটি কেন্দ্রে মির্জা আব্বাসের স্ত্রী সরাসরি উপস্থিত থেকে ভোট গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন। পরে খোঁজ নিয়ে জানা গেছে, ওই কেন্দ্রে মির্জা আব্বাস বিপুল ভোটে পিছিয়ে থাকায় সেখানে সাতবার ভোট পুনর্গণনা করানো হয়েছে। উদ্দেশ্য ছিল—যে কোনোভাবে তাকে বিজয়ী ঘোষণা করা বা অন্তত এগিয়ে আছেন, এমন একটি চিত্র তৈরি করা।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইতোমধ্যে যেসব কেন্দ্রে বিএনপি পিছিয়ে রয়েছে, সেখানে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা গিয়ে ফলাফল মানবেন না বলে ঘোষণা দিচ্ছেন এবং প্রিজাইডিং কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করছেন।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, কিছু প্রিজাইডিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের মৌখিক নির্দেশনার অজুহাতে মার্কার বক্সের বাইরে পড়া ভোট—যেগুলো সাধারণত বাতিল হওয়ার কথা—সেগুলো ধানের শীষ প্রতীকের পক্ষে গণনা করছেন। এতে ফলাফল প্রভাবিত করার সুস্পষ্ট চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
তিনি বলেন, ভোট গ্রহণের সময় কিছু অনিয়ম থাকলেও সামগ্রিকভাবে তা মেনে নেওয়া হয়েছে। কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পর দেখা যায়, একটি পক্ষ বিভিন্ন কেন্দ্রে পরাজয়ের মুখে পড়ায় এখন ফলাফল কারচুপির মাধ্যমে জয়ের চেষ্টা করছে। যেহেতু তারা ভোটকেন্দ্র দখল বা সরাসরি জালিয়াতি করতে পারেনি, তাই এখন ফলাফল প্রভাবিত করাই তাদের শেষ ভরসা হয়ে উঠেছে।
এদিকে ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক পোস্টে সতর্কবার্তা দিয়ে বলেছেন, ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে। সবাইকে নিজ নিজ ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর এই পোস্ট শেয়ার করে এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম লিখেছেন, “সবাই ঢাকা-৮ আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।”