বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনে ফখরুল দল-মতের ঊর্ধ্বে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর দেওয়া এক অভিনন্দন বার্তায় শফিকুর রহমান মির্জা […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনে ফখরুল দল-মতের ঊর্ধ্বে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর দেওয়া এক অভিনন্দন বার্তায় শফিকুর রহমান মির্জা ফখরুলের সাফল্য কামনা করেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি দেশের জাতীয় ঐক্যের প্রতীক। গণতন্ত্রের অগ্রযাত্রা, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শফিকুর রহমান আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখবেন। একই সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য আরও শক্তিশালী করতে তিনি ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করেন জামায়াত আমির।
বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় নবনির্বাচিত রাষ্ট্রপতি সচেষ্ট থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুলের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময়ে তিনি জোটের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক ও রাষ্ট্রীয় অভিজ্ঞতা রাষ্ট্রপতির দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেন জামায়াতে ইসলামীর আমির।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ফল ঘোষণার পর জাতীয় সংসদে শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের নেতারা মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা পরস্পরকে আলিঙ্গন করেন।