মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের ঋণ পরিশোধে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত সম্মান জানাতে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিতে হবে এবং একটি […]
ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের ঋণ পরিশোধে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত সম্মান জানাতে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিতে হবে এবং একটি মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত থাকবে।
তিনি স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তিতে দেশে-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই দিনটি জাতির ইতিহাসে গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদ এবং নির্যাতিত বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা শুধু একটি ভূখণ্ড অর্জনের ঘটনা নয়, বরং ন্যায়, সাম্য, গণতন্ত্র ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র গঠনের অঙ্গীকার। তবে এত বছর পরও সেই অঙ্গীকার পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে গণতন্ত্রের ধারাকে বাধাগ্রস্ত করে দেশে স্বৈরাচারী শাসন চাপিয়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রকে দুর্বল করার অপচেষ্টা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, সব প্রতিকূলতা সত্ত্বেও দেশের মানুষ বারবার অধিকার ও স্বাধীনতার প্রশ্নে সোচ্চার হয়েছে। সর্বশেষ গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার হয়েছে।
নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সত্য, ন্যায় ও দেশপ্রেমের আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। একইসঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও শহীদদের আত্মার মাগফিরাত কামনাও করেন তিনি।