যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে কর্মরত এক মুসলিম যুবকের ওপর ধর্মীয় বিদ্বেষপ্রসূত হামলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে তিনি ভুক্তভোগীকে মুসলিম হওয়ায় লক্ষ্যবস্তু বানিয়েছিলেন এবং তার উদ্দেশ্য ছিল মুসলিমদের হত্যা করা। সোমবার ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলে এ হামলার ঘটনা ঘটে। আদালতে দাখিল করা নথি […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে কর্মরত এক মুসলিম যুবকের ওপর ধর্মীয় বিদ্বেষপ্রসূত হামলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে তিনি ভুক্তভোগীকে মুসলিম হওয়ায় লক্ষ্যবস্তু বানিয়েছিলেন এবং তার উদ্দেশ্য ছিল মুসলিমদের হত্যা করা।
সোমবার ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলে এ হামলার ঘটনা ঘটে। আদালতে দাখিল করা নথি অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ভুক্তভোগীকে শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, হামলার পর উপস্থিত ক্রেতা ও সাধারণ মানুষ অভিযুক্তকে ধরে ফেলেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে হেফাজতে নেয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম পিটার মাইকেল লারসেন (৪৮)। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং বিপজ্জনক অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি সল্ট লেক কাউন্টি কারাগারে রয়েছেন।
তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, লারসেন স্বীকার করেছেন যে ভুক্তভোগী মুসলিম হওয়ায় তিনি তাকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, হামলার আগে অভিযুক্ত কিয়স্কে এসে ভুক্তভোগীর নাম জানতে চান এবং তার ধর্মীয় পরিচয় সম্পর্কে প্রশ্ন করেন। এরপর এক বোতল পানি চান। ভুক্তভোগী পানি আনতে ঘুরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই তিনি এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করেন।
ইউটাহ ইসলামিক সেন্টারের ইমাম শুয়াইব দিন, যিনি ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন, জানান যে যুবককে অন্তত ১৫ বার ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার একাধিক অস্ত্রোপচার করতে হয়েছে।
অভিযুক্তকে আটকানোর সময় উপস্থিত কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তিতে তিনিও আহত হন। চিকিৎসা শেষে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
আদালতের নথিতে তদন্তকারীরা উল্লেখ করেছেন, প্রাথমিকভাবে এ ঘটনাকে ধর্মীয় বিদ্বেষপ্রসূত হামলা বলে মনে হচ্ছে। তাদের মতে, অভিযুক্তের সহিংস মানসিকতা এবং পূর্বপরিকল্পিত হামলার ইঙ্গিত জননিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। তাই তাকে জামিনে মুক্তি দেওয়া হলে জনসাধারণের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকারবিষয়ক সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR)। সংগঠনটি একে ধর্মীয় বিদ্বেষমূলক সহিংসতার জঘন্য উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছে।
নাগরিক অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষমূলক অপরাধ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তাদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন, শ্বেতাঙ্গ আধিপত্যবাদ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতকে ঘিরে উত্তেজনার কারণে এ ধরনের হামলার ঝুঁকি আরও বেড়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে মুসলিমদের লক্ষ্য করে একাধিক প্রাণঘাতী হামলার ঘটনাও ঘটেছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, ধর্মীয় বিদ্বেষপ্রসূত অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা আরও জোরদার করা প্রয়োজন।